চলতি বছরের প্রায় প্রতি শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেঘের কপাট সিনেমাটি। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ আরো অনেকে। মুক্তির আগে থেকেই সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ছিল মেঘের কপাট টিম। মুক্তির পর থেকেই দর্শকের সঙ্গে সিনেমাটি দেখছিলেন তারা। তবে শনিবার সন্ধ্যার আয়োজন ছিল একটু ব্যতিক্রম। মেঘের কপাট সিনেমাটির প্রিমিয়ার শো হয়ে গেল গত শনিবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরাসহ বিনোদন অঙ্গনের অনেক তারকারা প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন।
মেঘের কপাটের বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি নিয়ে নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘মেঘের কপাট চলচ্চিত্রে প্রেম, সংগীত, নিখাদ ভালোবাসা আর সুরে মগ্ন থাকবে দর্শক। চলচ্চিত্রের গল্পেও রয়েছে নতুনত্ব। এছাড়া সিনেমা হলে দর্শকরা অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া অনুভব করতে পারবেন। বর্তমানে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে প্রতিদিন সিনেমাটির শো থাকছে। এছাড়া শিগগির আমাদের সিনেমাটি ঢাকার আরো কিছু সিনেমা হলসহ ঢাকার বাইরেও মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’
মেঘের কপাট সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অনেক নতুন মুখের দেখা মিলেছে। বড় পর্দায় নতুন মুখ নিয়ে কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে ওয়ালিদ আহমেদ বলেন, ‘এ সিনেমার গল্প অনুযায়ী শীতকালে শুটিং করার দরকার ছিল। এরই মধ্যে করোনা মহামারী শুরু হয়। সব মিলিয়ে অনেকের সঙ্গেই শিডিউল মিলছিল না। তখন আমরা ভাবলাম. এ সিনেমার জন্য নতুনদের নিলে ভালো হবে। যারা বড় পর্দায় প্রথম আসেন, তাদের সঙ্গে আমাদের শিডিউলের সমস্যা হবে। এছাড়া আমাদের সিনেমাটির গল্পটা নতুন, তাই মনে হয়েছিল নতুন মুখ দিয়ে করালে আরো ভালো লাগবে। বলা যায় সব মিলিয়েই আমরা কাস্টিং করি। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা মেঘের কপাটে অভিনয় করেছেন, তারা কেউই নতুন নন। মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় সবাই। অনেকে এক দশক সময় ধরে মঞ্চের সঙ্গে কাজ করছেন। তাই তাদের নতুন বলা যায় না।’
সম্প্রতি বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে রাকিব হোসেন ইভনের। এবার মুক্তি পেল তার দ্বিতীয় সিনেমা মেঘের কপাট। সিনেমাটি নিয়ে ইভন বলেন, ‘মেঘের কপাট একটি নিখাদ ভালোবাসার গল্প। অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান, তাদের বলব চলচ্চিত্রটি আসলে আপনাদেরই জন্য।’
মেঘের কপাট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। পরিচালনার পাশাপাশি আফরোজা মোমেনের গল্পে এ সিনেমার চিত্রনাট্য ও গীত রচনা করেছেন নির্মাতা নিজেই। সিনেমাটির গান প্রসঙ্গে নির্মাতা জানান, মেঘের কপাটে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটাজি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। সিনেমার পুরো শুটিং করা হয়েছে শ্রীমঙ্গলে।










