আলিয়া ভাট সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’
ছবির জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে শুটিং করেছেন। ছবিটি হুসেইন জায়েদী রচিত ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’
বই অবলম্বনে তৈরি হয়েছে। সম্প্রতি ছবির নির্মাতা, আলিয়া, জায়েদী ও প্রতিবেদক জেন বোর্জেসের বিরুদ্ধে ‘অশালীন চিত্র’
উপস্থাপনের জন্য মামলা করা হয়েছে। মামলাটি করেছেন গাঙ্গুবাইয়ের ছেলে বাবুজি রাওজি শাহ, যিনি বইটির কিছু পৃষ্ঠা নিয়ে আপত্তি করেছিলেন। খবর ডিএনএ।
অভিযোগের বিষয়ে শাহের আইনজীবী নরেন্দ্র দুবে সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, ছবিটির প্রমো বের হওয়ার পর থেকে গুজব ছড়িয়ে পড়েছে এবং শাহ নিজ এলাকায় হয়রানির শিকার হয়েছেন। আঘাত পেয়ে তার পা ভেঙে গেছে। তার আত্মীয়স্বজনও ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ অনেকেই মনে করছেন তারা ‘পতিতা পরিবার’
থেকে এসেছেন।
বাবুজি রাওজি শাহের করা অভিযোগের জবাব দিতে প্রতিপক্ষকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। এবারই প্রথম বানসালির ছবি আইনি জটিলতায় পড়েছে, এমনটা নয়। তার ‘পদ্মাবত’
ছবির শুটিং চলাকালীন সেট ভাংচুর করা হয়েছিল এবং বিক্ষোভের ফলে ছবিতে শহীদ কাপুর, দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের অভিনয়ে আপত্তি জানানো হয়েছিল। ছবিটি মুক্তির পর হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও মধ্যপ্রদেশসহ চারটি রাজ্যে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গত বছর ক্রিসমাসের সময় গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিটি চলতি বছর ১১ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে শুটিং দেরিতে শেষ হওয়ায় মুক্তি পিছিয়ে যায়।
সূত্র: ডিএনএ










