বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। ১৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ৩ মার্চ। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়েছে আগামীকাল বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

এরই মাঝে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যে সিনেমাগুলো দেখানো হবে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার তালিকা প্রকাশ হয়েছে। উদ্বোধনী আয়োজনের দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একযোগে এ উৎসবে দেখানো হবে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে লাল মোরগের ঝুঁটি ও রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’। লাল মোরগের ঝুঁটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দীপক সুমন, জ্যোতিকা জ্যোতি, আশীষ খন্দকার, জিনাত শানু স্বাগতা, লায়লা হাসান প্রমুখ।

উৎসবের দ্বিতীয় দিন বেলা ৩টায় থাকছে ফতেহ লোহানী প্রযোজিত ও পরিচালিত সিনেমা আসিয়া। সিনেমাটি ১৯৬০ সালের ৪ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায় এবং শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে তৎকালীন পাকিস্তান সরকার প্রদত্ত প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছিল। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুমিতা দেবী। বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে প্রসূন রহমান পরিচালিত সিনেমা জন্মভূমি। তৃতীয় দিন রায়হান রাফী পরিচালিত সিনেমা দামাল দেখানো হবে বিকাল ৪টায়। উৎসবের ১৫ দিন থাকছে আলোচিত সব সিনেমা। এর মধ্যে রয়েছে জহির রায়হানের বেহুলা, হyমায়ূন আহমেদের শ্যামল ছায়া, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো অর্ধশত সিনেমা। 

উৎসবের পর্দা নামবে রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনাজলের কাব্যের মধ্য দিয়ে। এটি দেখানো হবে শেষ দিন বিকাল ৪টায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবনসংগ্রাম, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই এবং সাংস্কৃতিক প্রভাব নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, রোজি সিদ্দিকী, দুলারি তাহিম এতে অভিনয় করেছেন। আগামী ৩ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছরের তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩-এর আয়োজন শেষ হবে। 

এ উৎসব উপলক্ষে আজ দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে প্রদর্শিতব্য চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী এবং দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ও সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উৎসবের বিস্তারিত তুলে ধরতে মতবিনিময় সভা শেষে বেলা ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।