একের পর এক মুখ থুবড়ে পড়ছে সিনেমা। লাল বাদশা, মেজর সাব, কোহরাম ও মৃত্যুদাতার মতো সিনেমাও হালে পানি পায়নি। কোনো রাস্তা ছিল না চোখের সামনে। নব্বইয়ের দশক শেষ না হতেই যেন ক্যারিয়ারের অন্তিম কাল চলে এল অমিতাভ বচ্চনের। সেই ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে শুরু করেছিলেন যাত্রা। নতুন করে আবার ফিরেছিলেন বিগ বি। সম্প্রতি সেই প্রত্যাবর্তনের গল্পই তুলে ধরলেন মহানায়ক। তিনি বলেন, ‘‌জানতাম সবকিছু নতুন করে শুরু করতে হবে। প্রথাগত নায়ক হিসেবে কাজ করার দিন ফুরিয়ে আসছে। আমার হাতে তখন কেবল দুটো রাস্তা ছিল। সিনেমা জগৎ থেকে অবসর নেয়া, না হলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা।’

যশ চোপড়া তখন তার যশরাজ ফিল্মসের ‘‌মহব্বতে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। হাতে কোনো ছবির কাজ নেই অমিতাভের। উপরন্তু এবি করপোরেশন নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দেনায় পড়ে গিয়েছেন। এমনকি তার বিরুদ্ধে মামলা ঝুলে রয়েছে। যারা এতদিন কাজ করতে আগ্রহী ছিল, তাদের অনেকেই অমিতাভকে এড়িয়ে চলছেন। কোনো উপায় না দেখে অমিতাভ ছুটে গেলেন যশ চোপড়ার বাংলোয়। কোনো রকম ভাবনাচিন্তা না করেই মহব্বতে সিনেমায় অমিতাভকে দিলেন পিতার ভূমিকা। সেই সঙ্গে অমিতাভের জীবনে শুরু হলো সম্পূর্ণ নতুন অধ্যায়। কালো চুলের নায়ক নয়। আদিত্য চোপড়া পরিচালিত ‘‌মহব্বতে’ সিনেমায় তাকে দেখা গেল সাদা চুল আর দাড়ি নিয়ে অভিভাবক চরিত্রে। বলিউডের পরবর্তী সিনেমাগুলোয় অমিতাভের নতুন এ রূপ তার ক্যারিয়ারকে আরো দীর্ঘ করে। তাকে পরিণত করে বলিউডের জ্যেষ্ঠ সুপারস্টারে। সিনেমায় তার চরিত্রের ধারাবদল হয়ে যায় এ সিনেমার মাধ্যমেই।

বিগ বি বলেন, ‌‘‌এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। বয়স আর ক্যারিয়ারের সেই মুহূর্তে যথেষ্ট ভাগ্যবান ছিলাম বলেই আমি এমন আনুকূল্য পেয়েছি। সিনেমায় নিজের চরিত্রের উপস্থিতিকাল নিয়ে আমি চিন্তিত নই।’

২০০০ সালের অক্টোবরে মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত সিনেমা ‘‌মহব্বতে’। ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তির পর এটা তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। গুরুকুলের প্রিন্সিপ্যাল নারায়ণ শংকরের গুরুগম্ভীর চরিত্র অমিতাভের ব্যক্তিত্বকেও নতুন রূপ দান করে। অ্যাংরি ইয়াং ম্যানের চরিত্র থেকে তিনি আভিজাত্যপূর্ণ চরিত্রে চলে আসেন। চরিত্রের কারণে বিপুলভাবে সমাদৃত সিনেমাটি অমিতাভের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সিনেমা বলে স্বীকৃত। এরপর তিনি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় শুরু করেন। বর্তমানে অমিতাভ বচ্চনের অভিনয়ের যে ধারা, তা এ সিনেমা থেকেই শুরু হয়। আজকের অমিতাভের জন্ম হয়েছিল মহব্বতে সিনেমার মধ্য দিয়েই।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া