বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ জাকিয়া বারি মম। এর মধ্যে অবশ্য সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হচ্ছে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি ওয়েব সিরিজেও তার সরব উপস্থিতি রয়েছে। নিয়মিত অভিনয় করছেন তিনি। ওয়েব ও সিনেমায় অভিনয়ে ব্যস্ত হলেও নাটককে ভুলে যাননি মম। এবারো কোরবানির ঈদে তাকে দেখা যাবে টেলিভিশনে। এর মধ্যে একটি টেলিছবি ‘স্ক্রিপ্ট রাইটার’। এতে জাকিয়া বারী মমর বিপরীতে আছেন অভিনেতা মামনুন ইমন।
মম ও ইমন অভিনীত টেলিছবিটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। একজন চিত্রনাট্যকারের জীবন নিয়ে সাজানো হয়েছে টেলিছবিটির গল্প। দীর্ঘদিন পর ইমন ও মম একসঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ তারা দুজন একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। দুজনই এখন সিনেমায় ব্যস্ত। কিন্তু এরই মধ্যে সময় বের করে তারা টেলিছবিটিতেও একত্র হয়েছেন। স্ক্রিপ্ট রাইটার নিয়ে দুজনই উচ্ছ্বসিত। এ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘টেলিছবিটার গল্প আমার কাছে ভালো লেগেছে। নির্মাতা বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। ইমনের সঙ্গেও দীর্ঘদিন পর কাজ করলাম। তার সঙ্গে এতদিন পর অভিনয় করে ভালো লাগল। আশা করছি, টেলিছবিটি দর্শক উপভোগ করবেন। তাদের ভালো লাগবে।’
মামনুন ইমন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। টেলিছবিতে তাকে দেখাই যায় না। কেবল ঈদ উপলক্ষে দর্শকের জন্য তাকে টেলিছবিতে দেখা যায়। তবে তিনি অভিনয় করতে পছন্দ করেন। মজার ব্যাপার ইমন ও মম দুজন একই সিনেমা দিয়ে অভিষেক করেছিলেন। ইমন অভিনীত প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’। হুমায়ূন আহমেদের গল্প থেকে নির্মিত এ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে ছিলেন মম। ইমনকে এরপর ‘রাস্তার ছেলে’, ‘সবাইতো ভালোবাসা চায়’, ‘অংক’, ‘গহীনে শব্দ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘আমার পৃথিবী তুমি’, ‘গার্মেন্টস কন্যা’, ‘এই তো ভালোবাসা’, ‘আগামীকাল’, ‘কানামাছি’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।
মহানগরের পর মমকে দেখা গেছে হইচইয়ের সিরিজ রিফিউজিতে। এখনো সিরিজের বেশকিছু কাজ তার হাতে আছে। তবে মম জানান, বর্তমানে তিনি নাটকের কাজ নিয়েই ব্যস্ত। তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মম। এরপর তিনি ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অলতা বানু’, ‘দহন’, ‘স্বপ্নের ঘর’ ‘ওরা সাতজন’ সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ ‘ওরা সাতজন’ সিনেমায় অভিনয়ের জন্যই তিনি দারুণ প্রশংসিত হয়েছেন।










