পাঠানের পর শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন জওয়ানের। এক বছরে শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা। ভক্তদের জন্য বড় সুখবর বটে! অবশ্য জওয়ানের জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটলি পরিচালিত অ্যাকশন ড্রামা জওয়ান।

মুক্তির আগেই নানা ইস্যুতে আলোচনায় উঠে আসছে জওয়ানের নাম। বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা মনোযোগ দিয়েছেন ইন্ডাস্ট্রিতে বাদশাহর প্রভাব নিয়ে। সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রেকর্ড দামে বিক্রি হয়েছে জওয়ানের সংগীত স্বত্ব।

জওয়ানের মিউজিক রাইটস কিনেছে টি-সিরিজ। এজন্য তারা ব্যয় করেছে ৩৬ কোটি রুপি। স্বত্ব কেনার দৌড়ে ছিল বেশ কয়েকটি মিউজিক কোম্পানি। সবাইকে টপকে ৩৬ কোটি রুপিতে শাহরুখের অ্যাকশন থ্রিলারের মিউজিক নিজেদের ক্যাটালগে যুক্ত করেছে টি-সিরিজ।

এটলির পরিচালনায় জওয়ানে শাহরুখকে দেখা যাবে নতুন অবতারে। তার সঙ্গে থাকবেন দক্ষিণের দুই তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তরা দারুণ উৎসাহী। পাঠানের সাফল্য শাহরুখকে আবারো বলিউডের মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। টুইটারে জওয়ান দ্রুত মুক্তির অনুরোধ করছেন ভক্তরা। জওয়ান মারদাঙ্গা অ্যাকশন সিনেমা, সেটা শাহরুখের বিভিন্ন সময়ে সাক্ষাৎকারেই স্পষ্ট হয়েছে। আর এতে সম্ভবত তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

পাঠান আর জওয়ানেই শেষ নয়। ২০২৩ সালেই মুক্তি পেতে পারে শাহরুখের তৃতীয় সিনেমা। রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখের ডাঙ্কি মুক্তি পেতে পারে ডিসেম্বরে। এ সিনেমার বড় অংশের শুটিং হয়েছে সৌদি আরবে। ডাঙ্কিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নু ও ভিকি কৌশলকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস