হলিউডের ধর্মঘট শেষ হলেও শেষ হচ্ছে না এর প্রভাব। একের পর এক সিনেমা পিছিয়ে যাচ্ছে। এর আগে চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে পিছিয়েছিল। এরপর প্রভাব ফেলেছে রেডিও-টেলিভিশন শিল্পীদের ধর্মঘট। গত বুধবার শেষ হয়েছে এ ধর্মঘট, কিন্তু তার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা। ধর্মঘটের কারণে ওয়াল্ট ডিজনি পিছিয়ে দিয়েছে ‘ডেডপুল থ্রি’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ৩ মে। কিন্তু এখন এর মুক্তি ঠিক করা হয়েছে ২০২৪ সালের ২৬ জুলাই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে মার্ভেল।
এর মধ্যে গত শুক্রবার মুক্তি পেল ‘দ্য মার্ভেলস’। সিনেমাটি পেয়েছে মার্ভেলের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ওপেনিং। মাত্র ২ কোটি ডলারের কিছু বেশি আয় করেছে এটি। তিনদিনের ওপেনিং শেষে সিনেমার আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৭০ লাখ ডলার। মার্ভেলের সিনেমার ইতিহাসে এমন খারাপ ওপেনিং খুব কমই এসেছে। এ সিনেমার গল্প ও অভিনয় থেকে শুরু করে স্বল্প ব্যাপ্তি সবকিছু নিয়েই অভিযোগ করছে দর্শক। দ্য মার্ভেলসের আয়ের এ অবস্থা ফ্র্যাঞ্চাইজির দুরবস্থাই বোঝায়। এরপর পরবর্তী সিনেমাগুলো পিছিয়ে যাওয়া মার্ভেলের দুরবস্থা আরো বাড়াবে বলে মনে হচ্ছে।
পিছিয়ে যাওয়ার মিছিল বেশ লম্বা। ডেডপুল পিছিয়ে যাওয়ার কারণে পেছাতে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ফোর। সিনেমাটির পুরো নাম ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। আগামী বছর জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও ডেডপুলের কারণে এটি পেছাতে হচ্ছে। ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে যাওয়া হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। শিডিউল বদলানোর কারণে পেছাতে হয়েছে মার্ভেলের ‘থান্ডারবোল্টস’। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২৫ জুলাই। এছাড়া ২০২৫-এর ফেব্রুয়ারির ‘ব্লেড রিবুট’ পিছিয়ে নেয়া হয়েছে ২০২৫ সালের নভেম্বরে।
মার্ভেলের এ সিনেমাগুলো নিয়ে দর্শক ছিলেন আগ্রহী। বিশেষত ডেডপুল থ্রি নিয়ে আগ্রহ তুঙ্গে। কেননা এ সিনেমায় ডেডপুলের সঙ্গে থাকছে উলভারিন। আর এ চরিত্রে অভিনয় করছেন হিউ জ্যাকম্যান। এছাড়া মার্ভেলের পরিকল্পনা অনুসারে, এ কয়টি সিনেমার সঙ্গে মিলিয়ে রাখা অন্যান্য সিনেমাও পেছাতে বাধ্য হবে স্টুডিও।
কেবল এখানেই শেষ নয়। পিছিয়ে যাচ্ছে ডিজনির আরো কিছু সিনেমা। ব্যারি জেনকিনসের পরিচালনায় আসার কথা ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ৫ জুলাই। মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।
মার্ভেলের আগে নিজেদের কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে ইউনিভার্সাল ও প্যারামাউন্ট পিকচারস। অবশ্য তারও আগে ‘ডুন টু’র মুক্তি পিছিয়েছিল ওয়ার্নার ব্রোস। মূলত পরপর দুটি ধর্মঘট হলিউডের প্রায় সব স্টুডিওর ওপরই চাপ সৃষ্টি করেছে। সে জায়গা থেকে পিছিয়েছে সিনেমাগুলো। এখন দেখার বিষয় নতুন তারিখ অনুসারেও সিনেমাগুলো মুক্তি পায় কিনা। তবে তারিখ পরিবর্তন সিনেমাগুলোর ব্যবসায় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
সূত্র: ভ্যারাইটি










