প্রায় তিন বছর ধরে নাগরিক টিভিতে প্রচারিত রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’। এ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দীপা খন্দকার। কিছুদিন আগেই তিনি পরপর নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। তবে আপাতত দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়, বিধায় কোনো নাটক বা সিনেমার কাজ হচ্ছে না। যে কারণে দীপাও আপাতত পরিবারকেই সময় দিচ্ছেন।
দেশের এ চলমান দুর্যোগ যেন দ্রুত সেরে ওঠে, সেজন্য আল্লাহর কাছে প্রতি মুহূর্তে প্রার্থনাও করছেন তিনি। তবে ‘নাগরিক’ টিভিতে প্রচারিত চলতি রান্নাবিষয়ক অনুষ্ঠানটির নিয়মিত উপস্থাপনা করছেন। এরই মধ্যে এ অনুষ্ঠানে তার নিমন্ত্রণে অতিথি হয়েছিলেন লালন কন্যাখ্যাত সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি ও এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাদিয়া লিজা।
দীপা খন্দকার বলেন, ‘বিউটিকে আমি আগে থেকেই চিনতাম, জানতাম। তার কণ্ঠের গানও আমার খুব ভালো লাগে। তবে সাদিয়া লিজার সঙ্গে আমার শুটিংয়ের দিনই প্রথম পরিচয়। মেয়েটা দেখতে বেশ মিষ্টি। বেশ বিনয়ীও বটে। দুজনের সঙ্গেই আড্ডা দিয়ে ভালো লাগল। আর গানের শিল্পীদের সঙ্গে এ ধরনের অনুষ্ঠানে শুটিং করার বাড়তি সুবিধা হলো গানও শোনা যায়।’
বিউটি বলেন, ‘দীপা আপুর অভিনয়ের ভক্ত আমি সেই ছোটবেলা থেকেই। কী সুন্দর অভিনয় করেন তিনি। তার উপস্থাপনাও এত চমৎকার, ভাবাই যায় না। যতক্ষণ ছিলাম তার সঙ্গে মনে হচ্ছিল যেন অতি আপনজন কারো সঙ্গেই ছিলাম।’










