জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। সম্প্রতি ‘প্রিয়াংকা গোপ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘আজি নেমেছে আঁধার’ শিরোনামে একটি গান। গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন উম্মে হুমায়রা। এর মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ইফতেখার মুনিম। এ গান প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, ‘গানটি প্রকাশের শুরুতে আমি খুব ভালো সাড়া পেয়েছি। আমি মনে করি ক্ল্যাসিক্যাল, সেমি-ক্ল্যাসিক্যাল কিংবা ক্ল্যাসিক মেলোডি ঘরানার গান থাকা উচিত, বিশেষ করে বলব এ সময়ে। কারণ আগামীতে যদি এই একটি নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করা হয়, তখন যেন তা শূন্য হয়ে না দাঁড়ায়। সে ভাবনা থেকেই আসলে আজি নেমেছে আঁধার গানটি করা। আমি আগেও এ ধরনের গান করেছি। অনেক দিনের অপেক্ষার ফল এ গান। আমার ছোট্ট চ্যানেলের বিগ বাজেটের একটি কাজ এটি। রাজীব ভাই এত সুন্দর গান কী করে লিখলেন কে জানে! সোনালী দিদিও হৃদয়কাড়া সুর করলেন। তাতে বিনোদ দা, পল্লব দা, মামুন দিলেন জাদুর ছোঁয়া। মুনিম ভাই ভালোবাসা দিয়ে বানালেন দৃষ্টিনন্দন ভিডিওচিত্র। ফোরকান ভাইয়ের ক্যামেরার কারসাজিও একটা আশ্চর্য। আমার সঙ্গে যে নীল পরিটিকে স্ক্রিনে দেখেছেন, সে ওইদিন ভয়াবহ গরমে মাথায় রোদ নিয়ে পা পুড়িয়ে নৃত্যভঙ্গিমায় মুখরিত করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি।’

গানে প্রিয়াংকার হাতেখড়ি বড় বোন সূচনা গোপের কাছে। পরবর্তী সময়ে বাবার চাকরির সুবাদে টাঙ্গাইলে থাকাকালে ওস্তাদ আনন্দ চক্রবর্তীর কাছে গানে তালিম নেন দীর্ঘদিন। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চবিদ্যালয় ও পরবর্তী সময়ে সরকারি কুমুদিনী কলেজে পড়াশোনা শেষ করে ‘আইসিসিআর’ স্কলারশিপ নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ক্ল্যাসিক্যাল ভোকাল বিষয়ে অনার্স এবং পরে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৫ সালে সানী জুবায়েরের সুর সংগীতে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন প্রিয়াংকা।