প্রাইম ভিডিও ভারতে নতুন সব কনটেন্টের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার তাদের গ্র্যান্ড প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। তালিকায় রয়েছে ৪০টির মতো কনটেন্ট। এতে নতুন কনটেন্ট যেমন আছে, তেমনি আছে পুরনো কনটেন্টের নতুন সিজনও। দর্শক যেসব সিরিজের নতুন সিজনের জন্য অপেক্ষা করছিলেন প্রায় সবক’টিরই ঘোষণা এসেছে এবার। থাকছে ‘‌মির্জাপুর’, ‘‌পঞ্চায়েত’, ‘‌পাতাল লোক’, ‘‌বান্দিশ ব্যান্ডিটস’, ‘‌সুঝল’ থেকে শুরু করে আরো কয়েকটি সিরিজ। সঙ্গে আছে নতুন বেশকিছু সিনেমা ও সিরিজ। প্রাইমের ঘোষণায় থাকা তালিকায় আছে ২৯টি সিনেমা। এগুলো থিয়েটারে মুক্তির পর প্রাইমে স্ট্রিম হবে।

অরিজিনাল সিরিজের মধ্যে নতুন আসছে কয়েকটি। তার মধ্যে দর্শকের আগ্রহের জায়গায় প্রথমেই থাকবে সামান্থা-বরুণের ‘‌সিটাডেল: হানি বানি’। মূলত রুশো ব্রাদার্স নির্মিত সিটাডেলের ভারতীয় সংস্করণ এটি। সিটাডেল ফ্লপ করলেও হানি বানি নিয়ে আশা আছে। কেননা এটি নির্মাণ করছেন রাজ অ্যান্ড ডিকে। আরো আছে এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘‌আন্ধেরা’। করণ জোহরের প্রযোজনায় আসছে ‘‌ডেয়ারিং পার্টনারস’, সিদ্ধার্থ রায় কাপুরের ‘‌মটকা কিং’-এ থাকছেন বিজয় বর্মা। এছাড়া আসছে ‘‌দ্য রেভল্যুশনারি’। এটি নির্মাণ হচ্ছে একই নামের বই থেকে।

দর্শক বহুদিন ধরে অপেক্ষা করছিল মির্জাপুরের জন্য। অবশেষে আসছে এর তৃতীয় সিজন। দেখা গেল ‘‌কালিন ভাইয়া’ রূপী পঙ্কজ ত্রিপাঠিকে। তিনি বলছেন, ‘ভুলে যাননি তো আমাকে?’ গুড্ডু পণ্ডিতকে দেখা গেল। সেই সঙ্গে আছে গোলু। তবে ৪ মিনিট ১৮ সেকেন্ডের যে ঘোষণা ভিডিওটি পোস্ট করেছে প্রাইম, সেখানে মুন্নাকে দেখা গেল না।

তবে ‘‌পঞ্চায়েত’-এ সবাই উপস্থিত। অভিষেক প্রধান থেকে শুরু করে মঞ্জু দেবীও আছেন। পঞ্চায়েত এ বছর জানুয়ারিতে মুক্তি পাবে এমন কথা শোনা যাচ্ছিল, কিন্তু তা হয়নি। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই আসবে সিরিজটি। সঙ্গে থাকছে ‘‌পাতাল লোক’। সিরিজটির দ্বিতীয় সিজন আসবে তা কেউ আশাই করেনি। এখানে একটা চমকই দিল প্রাইম। তারা জানাচ্ছে, হাতিরামের সঙ্গে একটি কেসের কারণে আবার একসঙ্গে কাজ করবেন আনসারি। ছোট একটি ক্লিপে দেখা যায় হাতিরাম বলছেন, ‘আমি এ পাতাল লোকের বহু পুরনো বাসিন্দা।’

সিরিজের মধ্যে থাকছে ‘‌বান্দিশ ব্যান্ডিটস’ ও ‘‌সুঝল’। বান্দিশ ব্যান্ডিটস দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষত এর গানের জন্য। নতুন সিজনেও তা থাকবে বলে মনে করছে সবাই। এর সঙ্গে থাকছে সুঝল। সিরিজের প্রথম সিজন ‘‌সুঝল: দ্য ভরটেক্স’ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। এবার নতুন কোনো রহস্য নিয়ে আসছে। আবার কাছাকাছি ধারার একটি নতুন থ্রিলারও আনছে অ্যামাজন। নাম ‘‌ইন্সপেক্টর ঋষি’।

অরিজিনাল সিনেমার মধ্যে থাকছে ‘‌বি হ্যাপি’। এতে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ‘‌সুবেদার’ ও ‘‌চোরি টু’ নামের দুটি সিনেমা নিয়ে থাকছেন অনিল কাপুর। চোরি সিরিজের সিনেমা এর আগে স্ট্রিম হয়েছিল অ্যামাজনে। এটি তার সিকুয়াল। থিয়েটারে মুক্তির পর প্রাইমে আসবে শহিদ কাপুর অভিনীত ‘‌অশ্বত্থামা—দ্য সাগা কন্টিনিউজ’, টাইগার স্রফের ‘‌বাগি ফোর’, কার্তিক আরিয়ানের ‘‌চান্দু চ্যাম্পিয়ন’ ও রণবীর সিংয়ের ‘‌ডন থ্রি’।