বলিউডের সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন জয়া আহসান। অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল সিনেমাটির। অবশেষে শুরু হলো এর শুটিং। মঙ্গলবার থেকে জয়ার এ সিনেমা ফ্লোরে নামে। মহরতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুটিং। আসন্ন সিনেমাটিতে জয়া আহসানের সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরো আছেন সানজানা সাংহি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালনা করবেন সিনেমাটি কিন্তু এর নাম এখনো নির্ধারিত হয়নি। তবে জানা গিয়েছে, এটি মানসিকভাবে বিপর্যস্ত একটি পরিবারের একত্র হওয়ার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। শুটিং হবে মুম্বাই ও কলকাতায়। বলিউড হাঙ্গামার রিপোর্ট থেকে জানা যায়, সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীসহ এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সে অনুষ্ঠানে জয়া বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা এটি। আমার চরিত্রটিও বেশ দারুণ। এ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই রাজি হয়ে গিয়েছি।’

মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে নির্মিত সিনেমাটি বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। উইজ ফিল্মস প্রযোজিত এর সংগীত পরিচালনা করবেন শান্তনু মৈত্র এবং সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র।


সূত্র: বলিউড হাঙ্গামা