ছোট পর্দায় নিয়মিত মুখ আব্দুন নূর সজল ও ফারজানা আহসান মিহি। একাধিক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাদের। এবার এ দুই তারকাকে একসঙ্গে একটি নাটকে দেখা যাবে। নাটকের নাম ‘কেবিন নাম্বার ৫০৭’। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। এরই মধ্যে এর শুটিং শেষ করেছেন জনপ্রিয় দুই তারকা।
নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদী টেইনমেন্ট। রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি।
সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। ঠিক এ মুহূর্তেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরি ভিত্তিতে তার মাকে অপারেশন করা প্রয়োজন, বলে দেন চিকিৎসক। এ অবস্থায় তাকে পড়তে হয় নানা জটিলতায়। আর্থিক শোচনীয়তায় একসময় রকি সিদ্ধান্ত নেয় মাকে বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করবে। এ থেকেই আরো বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে যেতে হয় রকিকে। সামনে আসে সাবেক প্রেমিকা হেলেনের রহস্য। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকি প্রমুখ। সম্প্রতি উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা সাকিল সৈকত।










