গ্রামীণ পটভূমির নাটক নির্মাণে সালাহউদ্দিন লাভলু এক অনন্য নাম। গ্রামীণ জীবনের গল্পকে পর্দায় তুলে ধরেই তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নির্মাতা হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও নির্মাণ এ দুই ক্ষেত্রেই এখনো তার সমকক্ষ কেউ গড়ে ওঠেনি।

বর্তমানে তিনি কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ফুলগাঁও নিয়ে। মাসুম রেজার রচনায় ধারাবাহিকটি প্রচার হবে চ্যানেল আইয়ে। ফুলের গাঁওয়ের মানুষের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান (রাকাত আলী), আরফান আহমেদ (যাকাত আলী), রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন (হ্যাপী), তাসদিক নমিরা আহম্মেদসহ (মালা) আরো অনেকে। এরই মধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন লাভলু।

অভিনেতা আখম হাসান বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করছি প্রায় দুই দশক। তিনি কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেন না। তার সেটে শুটিং করতে এলেই মনে হয় না কাজ করছি, মনে হয় পারিবারিক আড্ডায় বসেছি। তাই ফুলগাঁও আমাদের সবার মিলনমেলা।’

অভিনেতা আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ ও শেখার জায়গা। তিনি যেন এক শিক্ষকের মতো, প্রতিটি দৃশ্যের ভেতরটা বুঝে নিয়ে তারপর অভিনয় করতে হয়। তার কাজে কোনো তাড়াহুড়া নেই, আছে কেবল উৎকর্ষের অপেক্ষা।’

অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিনের ভাষায়, ‘তার নির্দেশনায় কাজ করতে পারাটাই সৌভাগ্যের। অভিনয়ে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

অভিনেত্রী নমিরা জানান, ‘এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার। কাজ করতে গিয়ে ভীষণ ভালো লাগছে। কুষ্টিয়ার ভাষা রপ্ত করাও আমার জন্য নতুন অভিজ্ঞতা।’