রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হলো বিশেষ ও বর্ণিল চলচ্চিত্র উৎসব ‘রাশিয়ান ফিল্ম ডে ২০২৫’। রাশিয়ান দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের কাছে রাশিয়ার ঐতিহ্য, ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার এক অনন্য আয়োজন হয়ে ওঠে। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-৮০১-এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে প্রদর্শিত হয় তিনটি আলোচিত ও প্রশংসিত রাশিয়ান চলচ্চিত্র—‘ফ্রন্টলাইন ডায়েরি অব অ্যান আমেরিকান অফিসার’, ‘শেপিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার’ ও ‘ফ্রম রাশিয়া উইথ হার্ট’। রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় প্রথম চলচ্চিত্রটি প্রদর্শিত হয় বেলা ১১টা ৩০ মিনিটে, ওলেগ নেকিশেভ ও ওলগা কিরি নির্মিত সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ১ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হয় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল নির্মিত চলচ্চিত্র ‘শেপিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার’। এরপর একাতেরিনা কিতাইতসেভা ও দিমিত্রি খ্রুস্তালেভ পরিচালিত আবেগঘন চলচ্চিত্র ‘ফ্রম রাশিয়া উইথ হার্ট’ প্রদর্শিত হয় বেলা ১টায়। সিনেমাগুলো প্রদর্শনের সময় অডিটোরিয়াম পুরোপুরি ভর্তি হয়ে যায় উৎসুক শিক্ষার্থীদের উপস্থিতিতে। অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে থেকেও মনোযোগ দিয়ে সিনেমাগুলো উপভোগ করেন। তিনটি চলচ্চিত্রের দৈর্ঘ্য তুলনামূলক স্বল্প হলেও প্রতিটি সিনেমায় রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের গভীর দিকগুলো দর্শকের সামনে উপস্থাপিত হয়। প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এবং সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার ও সম্মাননা। রাশিয়ান দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগের সবাই প্রশংসা করেন এবং আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা আরো বেশি করে বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারেন।