ফাতিমা সানা শেখ বলিউডে অভিনয় করছেন অনেককাল ধরে। মাত্র পাঁচ বছর বয়সে কমল হাসানের চাচি ৪২০ সিনেমা দিয়ে তার অভিষেক হয় শিশুশিল্পী হিসেবে। এরপর বেশকিছু টিভি সিরিজ ও সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন। তার সত্যিকার অভিষেক হয়েছিল আমির খানের সঙ্গে ‘‌দঙ্গল’ সিনেমায়। এ সিনেমায় তিনি মহাবীর ফোগাটের মেয়ে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা জানালেন, তিনি শাহরুখ খানের ভক্ত, তবে আমির খানের সিনেমা তার পছন্দ। কেননা আমির খান নানা বিষয়ে বৈচিত্র্যময় সিনেমায় অভিনয় করেছেন।

হিউম্যানস অব সিনেমার সঙ্গে এ সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘‌আমি আসলে শাহরুখ খানের ভক্ত। তবে আমির খানের সিনেমায় বিষয়-বৈচিত্র্য থাকে। রঙ দে বাসন্তি, পিকে, পপিলি লাইভের মতো সিনেমা তার কাছ থেকে পেয়েছি।’ তবে ফাতিমা ছোটবেলা থেকে শাহরুখ খানের সিনেমা দেখেছেন এবং শাহরুখের সিনেমা তাকে অনুপ্রেরণাও দিয়েছে। তিনি বলেন, ‘‌শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় আমার খুব পছন্দ। আমি আসলেই শাহরুখকে ভালোবাসি। যে ধরনের রোম্যান্স তিনি দেন, তা আমার পছন্দ। আমরা আসলে রোম্যান্স শিখেছি শাহরুখ খানের কাছ থেকে। আমাদের রোম্যান্স তো আসলে শুরু হয়েছে সেখান (শাহরুখ খানের সিনেমা) থেকে।’

সিনেমা বা অভিনয়ের ক্ষেত্রে কেবল ভারত নয়, বাইরের অনেক কিছুও প্রভাবিত করেছে ফাতিমাকে। তিনি জানিয়েছেন, ব্রেকিং ব্যাড সিরিজটি তার প্রিয়। সিরিজটি তিনি বারবার দেখেন। বিশেষত সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা থেকে তাকে বের হতে সাহায্য করেছিল এ সিরিজ।

ফাতিমার অভিনেত্রী হওয়ার কথা ছিল না। তিনি নিজেই এমনটা মনে করেন। মনে করার কারণও আছে। তিনি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। এ নিয়ে ফাতিমা বলেন, ‘‌আমি যেখান থেকে এসেছি, সেখানে অভিনয় করতে চাওয়ার ব্যাপারটা সহজ নয়। ন্যূনতম আর্থিক নিরাপত্তা না থাকলে সেখানে অভিনয় করার বিষয়টিকে বিলাসিতা হিসেবে দেখা হতো। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করে আমরা পছন্দের কোনো কাজ করতে পারতাম না।’

সূত্র: হিন্দুস্তান টাইমস