অভিনেতা অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ টানাপড়েনের মতো অভিযোগমোচন ঘটল বর্ষীয়ান এ অভিনেতার। ২০২১ সালের অক্টোবরে ‘রাস্ট’ সিনেমার সেটে শুটিং চলাকালে গুলির আঘাতে সিনেম্যাটোগ্রাফার হ্যালিনা হাচিনস মারা যান। ফলে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় অভিনেতা আলেক বল্ডউইনের বিরুদ্ধে। 

নিউ মেক্সিকোর বিচারক অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেয়ার পর কান্নায় ভেঙে পড়েন এ অভিনেতা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। বল্ডউইনের আইনজীবী শুটিং সেটে কীভাবে সত্যিকারের গুলি এল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুল নিয়েও প্রশ্ন ছুড়ে দেয়া হয়। বিচারক রায়ে বলেন, তথ্য গোপন না করে আগেই বল্ডউইনের আইনজীবীকে জানানো উচিত ছিল। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের এ তথ্য আটকে রাখা ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনোভাবেই আদালতের পক্ষে এমন ভুলকে সঠিক বলা সম্ভব নয়।’ মিথ্যা প্রমাণ দাখিল ও পক্ষপাতদুষ্টতার অভিযোগে খারিজ করার কারণে মামলার প্রসিকিউটররা বল্ডউইনকে নতুন করে আর অভিযুক্ত করতে পারবেন না। লস অ্যাঞ্জেলেসের ট্রায়াল অ্যাটর্নি জোশুয়া রিটার মামলার খারিজ হওয়ার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। যদিও বল্ডউইন ও তার পরিবারের সদস্যরা এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি। এর আগে তার আইনজীবীর করা অভিযোগ খারিজের আবেদনকে কেন্দ্র করে একাধিক উল্লেখযোগ্য বিষয় ঘটতে থাকে। মামলাটির দায়িত্বে থাকা দুজন বিশেষ প্রসিকিউটর পদত্যাগ করেন। বিচারক ম্যারি মারলো সোমারস জুরিকে বাতিল করে একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান নেন।

২০২১ সালে হলিউড ছবি রাস্টের শুটিংয়ের প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সাধারণত নকল গুলি থাকলেও সেদিন ছিল আসল। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ছবির চিত্রগ্রাহক হ্যালিনা হাচিনস। আহত হন ছবির পরিচালক জোয়েল সুজা। শুরু থেকেই বল্ডউইনের দাবি, পিস্তলটি যে আসল তা তিনি ঘুণাক্ষরেও জানতেন না।

সূত্র: গার্ডিয়ান