মার্ভেলের সিনেমার আসলে কী অবস্থা, অভিনেতারাও ঠিকঠাক জানেন না হয়তো। একের পর এক প্রায় ফ্লপ (মার্ভেলের আগের বছরগুলোর হিসাবে) দিয়ে এ ফ্র্যাঞ্চাইজি এখন কিছুটা হলেও ব্যাকফুটে। এর মধ্যে নানা সময়ে অভিনেতারা যা বলছেন, তাতে বোঝা যাচ্ছে না তারা মার্ভেলের সঙ্গে আছেন, নাকি নেই। সম্প্রতি সে ধারায় যুক্ত হলেন মার্ক রুফালো। সান্তা বারবারা ফিল্ম ফেস্টিভ্যালে তিনি জানান, ক্যাপ্টেন আমেরিকার নতুন সিনেমায় থাকছেন তিনি। কিন্তু আদতে সিনেমায় হাল্কের চরিত্র থাকার কথা নয়। রুফালোর উত্তরে তাই তৈরি হয়েছে সন্দেহ ও বিতর্ক।

উৎসবে একটি প্রশ্নোত্তর পর্বে অ্যানি থম্পসন রুফালোকে জিজ্ঞেস করেন ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘‌ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এ রুফালো থাকছেন কিনা। রুফালো ‘‌হ্যাঁ’ সূচক উত্তর দেন। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, সিনেমাটি নিয়ে তার কী মত। রুফালো বলেন, ‘আমার মনে হয়, দারুণ একটা সিনেমা আসতে যাচ্ছে।’

কিন্তু ভ্যারাইটি, কোলাইডারসহ আরো কিছু গণমাধ্যম জানাচ্ছে, ব্রেভ নিউ ওয়ার্ল্ডে রুফালো থাকছেন না। কেননা এ সিনেমায় হাল্কের থাকার কথাই না। তিনি মূলত প্রশ্নটি খেয়াল না করে সিনেমাটি নিয়ে নিজের মনোভাব জানিয়েছেন। কিন্তু সিনেমায় তিনি থাকছেন না। 

অবশ্য ভুল তথ্য দেয়া নিয়ে রুফালোর বদনাম আছে। এর আগে ২০১৭ সালে তিনি ইনফিনিটি ওয়ার নিয়েও বেফাঁস মন্তব্য করেছিলেন। এছাড়া থর র‍্যাগনারকের প্রথম ২০ মিনিট তিনি স্ট্রিম করেছিলেন ফেসবুকে। এমনকি ‘‌অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এরও স্পয়লার দিয়েছিলেন তিনি।

মার্ভেল তার ইউনিভার্সের পরিকল্পনা বদলে ফেলেছে। হাল্ককেও তার পরিচিত চরিত্র থেকে সরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ‘হোয়াট ইফ?’ থেকে হ্যাপি হোগানকে করা হয়েছে রেড হাল্ক। তাই রুফালোর হাল্ক হয়ে ফেরার সম্ভাবনা এমনিতেই কম।

সূত্র: ভ্যারাইটি