আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার‌ (১৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

এদিন রাত সোয়া ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে অভিনেতা সাজু খাদেম লেখেন, চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া। এছাড়া সংবাদমাধ্যমকে তিনি জানান, সকালে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ক্যামেলিয়া মোস্তফার।

ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তির পাশাপাশি অভিনয়ও করতেন তিনি। পরে  দেশের বাইরে পাড়ি জমান। কিছুদিন আগে দেশে ফিরেছিলেন এ আবৃত্তিশিল্পী।

অনেকেই ক্যামেলিয়া মোস্তফাকে প্রয়াত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বোন বলে জানেন। মূলত তিনি দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের মেয়ে।

কন্যাসন্তান ক্যামেলিয়ার জন্মের পর বিয়ে বিচ্ছেদ হয় শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা বিজু দম্পতির। এরপর অভিনেতা গোলাম মুস্তাফার সঙ্গে বিয়ে হয় হোসনে আরা রিজুর। তারপর মুস্তাফা পরিবারেই বেড়ে উঠেছেন ক্যামেলিয়া মোস্তাফা।