রাজ ও ডিকেখ্যাত পরিচালক জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের অ্যাকশন ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে অভিষেক হতে যাচ্ছে শহীদ কাপুরের। শোনা যাচ্ছে এ সিরিজে দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেতা বিজয় সেতুপতিও যোগ দেবেন।
কবির সিংখ্যাত শহীদ কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা। অন্যদের তুলনায় তাকে ডিজিটাল প্লাটফর্মে দেখা যাচ্ছে বেশ দেরিতেই। এবার তার সঙ্গে এক পর্দায় দেখা যাবে বিজয় সেতুপতিকেও। রাজ ও ডিকে তাদের ওয়েব সিরিজের জন্য জনপ্রিয় কয়েকজন তারকাকে খুঁজছিলেন। পরিচালকদ্বয় তাই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত করতে যাচ্ছে সেতুপতিকে।
আসছে বছর জানুয়ারিতে মুম্বাই ও গোয়ায় শুরু হবে ওয়েব সিরিজের শুটিং। অ্যাকশন থ্রিলার সিরিজটিতে শহীদ ও বিজয়কে এমন দুই চরিত্রে দেখা যাবে, যেমনটা আগে কখনো দেখা যায়নি। শহীদ কাপুরের মতো এ ওয়েব সিরিজের মাধ্যমে বিজয় সেতুপতিরও ওটিটি প্লাটফর্মে অভিষেক হবে।
শোনা যাচ্ছে অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজে যোগ দিতে বেশ মোটা পারিশ্রমিক নিয়েছেন দুই তারকা। শহীদ কাপুরকে সামনে দেখা যাবে স্পোর্টস ফিল্ম জার্সিতে। কয়েক দিন আগে ছবিটির কাজ শেষ করেছেন শহীদ।
সূত্র: পিংকভিলা










