উদীচীর পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ স্লোগানে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে দেশের অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী। আজ বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উদ্বোধন করবেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী। আয়োজনে সাবেক ও বর্তমান উদীচী কর্মীরাও থাকবেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে পরিবেশিত হবে সমাজে বিরাজমান ঘুষ-দুর্নীতি, সিন্ডিকেটবাজি, টেন্ডার বাণিজ্য, লুটপাটতন্ত্রের বিরুদ্ধে উদীচীর নতুন প্রযোজনা ‘ধর ধর চোর চোর’। এছাড়া থাকবে দেশবরেণ্য শিল্পীদের একক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। নিপীড়িত মানুষের গান গাওয়ার অঙ্গীকার নিয়ে মানুষের মুক্তির জন্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার হওয়ার লক্ষ্যে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ 

উদীচী শিল্পগোষ্ঠী। এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান উদীচীর নেতারা।