মুক্তির অপেক্ষায় আছে দেব প্যাটেল পরিচালিত সিনেমা মাংকি ম্যান। পরিচালনার পাশাপাশি এ সিনেমা প্রযোজনাও করছেন তিনি। সহপ্রযোজক অভিনেতা জর্ডান পিল। অ্যাকশন প্যাকড সিনেমাটি এরই মধ্যে দর্শকের মনোযোগ কেড়েছে। কেবল অ্যাকশন না, দর্শক পছন্দ করেছে এর সিনেমাটোগ্রাফি, কালার প্যালেট ইত্যাদি। তবে এর মধ্যেও ছিল নানা প্রতিকূলতা। সেই সব পার করেই তিনি সিনেমাটি শেষ করেছেন।

কেমন করে দেব সবকিছু সামলে সিনেমাটি করলেন? সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে দেব জানালেন তিনি ইরফান খান ও শাহরুখ খানকে অনুসরণ করেন। দেব প্যাটেল সম্প্রতি রেডিটে তার ভক্তদের সঙ্গে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, ‘আপনার প্রিয় বলিউড সিনেমা কী?’ উত্তরে দেব লিখেছেন, ‘শাহরুখ খান যে সিনেমা করেন।’ এছাড়া দেব জানিয়েছেন শাহরুখ খান ও ইরফান খানের মতো করে তিনি টিকে থাকতে শিখেছেন।

দেব প্যাটেল তার নতুন সিনেমায় এমন গল্প বলেছেন, যেখানে একজন সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। বলিউডে এ গল্প পুরনো, তবে দেব নতুন মোড়কে উপস্থাপন করছেন। কিন্তু এ সিনেমা নির্মাণ করতে গিয়ে প্রতিনিয়ত তিনি ও তার টিম বেশ জটিলতার মধ্য দিয়ে গেছে। এ নিয়ে তিনি লিখেছেন, ‘সিনেমার লগ্নিকারক চলে গিয়েছিলেন। আমি তাকে নানাভাবে অনুরোধ করে বলেছি শেষ মুহূর্তে এভাবে যেন হাল ছেড়ে না দেন। এখানেই শেষ না। আমি আমার মূল প্রডাকশন ডিজাইনারকে হারাই কভিডে।’

ভারতেই শুট করতে চেয়েছিলেন দেব। কিন্তু কভিড-১৯ তাকে তা করতে দেয়নি। ইন্দোনেশিয়ার এক দ্বীপে চলে যান তারা। দেব বলেন, ‘আমরা একটা দ্বীপে চলে যাই এবং হোটেলে প্রায় ৫০০ জন লোকের জন্য জায়গা খুঁজে নিই। সিনেমার অনেক কিছুই শেষ মুহূর্তে করা হয়েছে। এর মধ্যে সীমান্ত বন্ধ করে দেয়ায় বহু ক্রু ও সহযোগিতা হতে পারে এমন প্রপ আনতে পারিনি। সিনেমার লাইটিংয়েও আমাদের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তারপরও কাজ শেষ করেছি।’

সিনেমায় রেসলিং ও ফাইট সিনের অন্যান্য বিষয় আছে। সঙ্গে যুক্ত করা হয়েছে হনুমানকে। দেব বলেন, ছোটবেলা থেকেই আমরা এ জিনিসগুলো দেখে অভ্যস্ত। সিনেমায় আমি সে বিষয়গুলোই আনার চেষ্টা করেছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস