আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম স্পটিফাইয়ে প্রথম বাংলাদেশী হিসেবে আমন্ত্রিত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শিল্পী জুনায়েদ ইভান। বুধবার দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীতজীবনের নানা দিক নিয়েও আলোচনা হয়। স্পটিফাইয়ের স্টুডিওতে লাইভ গান করেন ইভান। দুবাইয়ে এর কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ে কর্মরত প্রথম দুই বাংলাদেশী আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো-অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো-অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।

দুবাই থেকে ইভান জানান, ‘‌সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে এর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশকিছু চমক লাগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সালজুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কী ধরনের পরিকল্পনা রয়েছে, এ নিয়েও তারা আমার সঙ্গে কথা বলেছে। সে ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজের সঙ্গেও পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা। শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোয়ও সহযোগী হিসেবে যুক্ত হবে স্পটিফাই। এটি আমাদের দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।’

মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের ফ্রি ও পেইড দুই ভার্সনেই গ্রাহক বেড়েছে। তৃতীয় প্রান্তিকে গ্রাহক বাড়ার হার বেশি। আর দেখা গিয়েছে স্ট্রিমিং প্লাটফর্মটি লাতিন আমেরিকা থেকে বেশি গ্রাহক পেয়েছে। বর্তমানে এর মাসিক সক্রিয় গ্রাহকসংখ্যা ৪৫ কোটি ৬০ লাখ।

আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে প্রায় এক বছর হলো যাত্রা করেছে আন্তর্জাতিক এ মিউজিক প্লাটফর্ম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাইয়ে অবস্থিত স্পটিফাইয়ের কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।