কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেক কিছুই হয়ে গেল। বিনোদন অঙ্গনেও পড়েছে এর প্রভাব। তবে সম্প্রতি জানা গেল তানজিন তিশা তার সহকারীকে হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার সহকারী আলামিন। খবরটি প্রকাশ করেছেন তানজিন তিশা নিজেই। কেবল তা-ই নয়, এ নিয়ে তিনি ফেসবুকে পোস্টও করেছেন। ২৩ জুলাই রাতে একটি ফেসবুক পোস্টে তিনি আলামিনের মৃত্যুর খবর প্রকাশ করেন। সেই সঙ্গে করেছেন স্মৃতিচারণ।

এ নিয়ে তিশা লিখেছে, ‘কিভাবে শুরু করব জানিনা আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন, ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে ফ্যামিলি হয়ে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখত।’

প্রয়াত সহকারীকে সম্বোধন করে লিখেছেন, ‘আলামিন—সারাটা দিন আমার বড় একটা ছায়ার মত আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে।’

গুলিবিদ্ধ হওয়ার কথাও তিশাই প্রকাশ করেছেন। লিখেছেন, ‘কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকতো, আর ছেলেটা একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা???’

আলামিন সম্পর্কে তিনি আরো লেখেন, ‘আলামিন কোন দল অথবা কোনকিছুর সাথে জড়িত ছিলো না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময়। ওর জীবনে কোন পাপ নাই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’