বরাবরের মতো এবারো ঈদ আনন্দের সঙ্গে দর্শকের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। ঈদ এলেই সব শ্রেণী-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য। উল্লেখ্য ১৯৯৮ সালে মিরপুর ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সে ধারণের মধ্য দিয়ে উন্মুক্ত স্থানে ইত্যাদির ঈদের বিশেষ পর্ব ধারণের কাজ শুরু হয়। পরবর্তী সময়ে বেশ কয়েক বছর নিয়মিতভাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঈদের ইত্যাদি ধারণ করা হলেও এবার ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর স্কাই গার্ডেন-সংলগ্ন একটি দৃষ্টিনন্দন স্থানে। গার্ডেনের লেকের সামনে বিশাল স্থান জুড়ে নির্মিত নান্দনিক সেটে ধারণ করা হয় এবারের ইত্যাদি।

বরাবরের মতো এবারো ইত্যাদি শুরু করা হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। ইত্যাদির ঈদ পর্বে তিন দশক ধরেই শত শত মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে বর্ণাঢ্য আয়োজনে এ গান পরিবেশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০-এর বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের সম্মিলিত বর্ণিল পরিবেশনা ও স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের অংশগ্রহণে স্টেডিয়ামজুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

এবারের ঈদের বিশেষ ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এ গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। তাদের সঙ্গে রয়েছেন এ প্রজন্মের দশজন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া ও সানিয়া সুলতানা লিজা। এছাড়া আরো বেশকিছু আয়োজন রয়েছে এবারের ঈদ ইত্যাদিতে।