ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন। আর তার অন্যতম আলোচিত সিনেমা ‘পদাতিক’। সত্তরের দশকে মুক্তি পাওয়া এ সিনেমার নামেই মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন পশ্চিম বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। গত জানুয়ারিতে মৃণাল সেন হিসেবে চঞ্চলের লুক প্রকাশ পেয়েছিল। যেখানে অবিকল মৃণাল সেনের মতোই লেগেছিল তাকে। এবার সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ইউরোপে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে আয়োজিত উৎসব লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে। এ উপলক্ষে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন চঞ্চল চৌধুরী আর তার সঙ্গী সৃজিত মুখার্জি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পদাতিকের প্রথম প্রদর্শনীর উপলক্ষে লন্ডন যাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল ও সৃজিত। ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন ‘‌সৃজিত দার সঙ্গে “পদাতিক”-এর অনেক বড় একটা সফর। লন্ডন যাত্রা। উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে “পদাতিক”-এর প্রথম প্রদর্শনী।’

অন্যদিকে মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘‌হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী পেতে যাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ নিয়ে আনন্দ প্রকাশ করেছেন এ অভিনেতা, তবে এ বিষয়ে নীরব আছেন তিনি। বর্তমান নিয়ে ব্যস্ত আছেন পদাতিকের প্রথম প্রদর্শনী নিয়ে।

চলতি বছরের শুরুতে কলকাতায় শুরু হয়েছিল পদাতিক সিনেমার শুটিং। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেয়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, ‘দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তাছাড়া মৃণাল বাবুর রাজনীতি চেতনা, তার জীবনযাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।’ 

সৃজিত মুখার্জির সিনেমার মধ্য দিয়েই কলকাতার বড় পর্দায় আসছেন এ অভিনেতা। মৃণাল সেনের সঙ্গে নিজের চেহারার খানিক মিল রয়েছে বলে মনে করেন এ অভিনেতা। সিনেমাটির শুটিং চলার সময়ে এ নিয়ে চঞ্চল বলেন, ‘আদল মেলালে দেখতে কাছাকাছি লাগে। কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব, দর্শন, আদর্শের জায়গাটা ধরতে গেলে তাকে নিয়ে গবেষণা করতে হয়। মৃণাল সেন তার সিনেমার মধ্য দিয়ে নিজের পরিচয়টা দিয়ে গেছেন। তাই সে বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করেছি।’

চঞ্চল চৌধুরী তার অভিনয় দিয়ে পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয়। সম্প্রতি ওয়েব কনটেন্টগুলো জনপ্রিয়তার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে হাওয়া সিনেমার চান মাঝির বেশের চঞ্চল বাংলাদেশ ও কলকাতার মানুষের মন জয় করেছিলেন, যার আভাস সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্পষ্ট। এবার মৃণালের বেশে চঞ্চলকে দেখার অপেক্ষায় কলকাতা ও বাংলাদেশ।