বহুদিন নিস্তব্ধ থাকার পর আবারো প্রাণ ফিরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। একসময় দিনে পাঁচ-ছয়টি সিনেমার শুটিং স্বাভাবিক ঘটনা ছিল। তখন ফ্রেমের প্রতিটি মুহূর্ত শিল্পীদের কদমের সঙ্গে মিলিয়ে চলত, আর সাধারণ মানুষও হাঁটতে পারত না, না হলে ফ্রেম নষ্ট হয়ে যেত।
কিন্তু সময়ের সঙ্গে সে ব্যস্ততা কমে গিয়েছিল। একসময় শুধু একটি সিনেমার শুটিং হলেও শোরগোল ফেলে দিত। সহকর্মীরা এসে গল্প করতেন অতীতের ব্যস্ত দিনের কথা, আড্ডায় মিশত হাসি-মজা আর অজানা স্মৃতি।
এবার সে প্রাণ ফিরে এসেছে। গত সপ্তাহ থেকে এফডিসি মুখর হয়ে উঠেছে একসঙ্গে তিনটি সিনেমার শুটিং দিয়ে। প্রতিদিন তারকারা হাজির হচ্ছেন ক্যামেরার সামনে, শুটিং স্পটজুড়ে হাসি, উচ্ছ্বাস ও প্রাণবন্ত চিত্র।
বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায় আছেন ইয়ামিন হক ববি, মুন্না খান, দীপা খন্দকার, সুব্রতসহ আরো অনেকে। নতুন জুটি নিয়ে শুটিং করছেন ইমদাদুল হক মিজান ও সিমি ইসলাম। মিজানের ‘প্রেম শপথ’ সিনেমার শুটিং চলছে এফডিসির ঝর্না স্পট, মান্না ডিজিটাল ও জহির রায়হান কালার ল্যাবের সামনে। অন্যদিকে সিমি ইসলামের ‘বিয়ে হবে মাটির ঘরে’ সিনেমার শুটিং চলছে জসিম ফ্লোরের সামনে।
শুটিং স্পটে চোখে পড়ে এক ভিন্ন ধরনের প্রাণ। অভিজ্ঞ শিল্পী ও নতুনদের উপস্থিতি মিশে তৈরি করছে চমৎকার দৃশ্য। ছোট ছোট আড্ডা, অভিনয় পরামর্শ ও গল্প শেয়ার সব মিলিয়ে শুটিং স্পট যেন জীবন্ত হয়ে উঠেছে।
অভিনেতা সুব্রত জানান, ‘তিনটি সিনেমায়ই আলাদা আলাদা শিল্পী। সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে। একটা সময় প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্পটে আমাদের দেখা হয়ে যেত। যা-ই হোক, ভালো লাগছে প্রাণচঞ্চল এফডিসিকে দেখে।’
ফলে বহুদিন পর আবারো ফিরে এসেছে সে আগের রোমাঞ্চ। শিল্পী, পরিচালক, ক্যামেরা ও দর্শকের মিলনক্ষেত্রে শুরু হয়েছে নতুন শুটিং মৌসুম।










