২০২৩ সালের ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র গ্র্যান্ড ফিনালেতে সর্বমোট ১৩ জন শিল্পী নিজেদের মিষ্টি কণ্ঠ দিয়ে ঠাঁই করে নিয়েছিলেন। কিন্তু নানা কারণে চূড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষণা করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। অবশেষে গত ১৮ মে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা কণ্ঠ ২০২৩-এর ফলাফল ঘোষণা করা হয়। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা সেরা কণ্ঠ ২০২৩-এর বিশেষ বিচারক ছিলেন, তিনিই ফলাফল ঘোষণা করেন। এবার ১৩ জন গ্র্যান্ড ফিনালেতে উঠে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের সেরা চারজনের নাম ঘোষণা করেন রুনা লায়লা। তারা হলেন টুশি, জারিন, শিতাব ও অর্চি। ২০২৩ সালের সেরা কণ্ঠতে এ চারজনই মূলত চ্যাম্পিয়ন। আলাদাভাবে এরপর আর কাউকে রানার্সআপ কিংবা তৃতীয় ঘোষণা করা হয়নি। টুশি বলেন, ‘দীর্ঘদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার পর অবশেষে যখন চূড়ান্ত পর্যায়ে সেরাদের সেরা হিসেবে যখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার নামটি সবার আগে ঘোষণা করেন, তখন আমি বিস্মিত হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি সে মুহূর্তে রুনা ম্যামের মুখে আমার নামটি উচ্চারিত হবে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল। যাই হোক আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছেন। আব্বুর অনুপ্রেরণা তো ছিলই। আমার স্বপ্ন সিনেমায় বেশি বেশি গান করা। পাশাপাশি মৌলিক গান তো গাইবই।’ জারিন বলেন, ‘এটা পরম সৌভাগ্য যে এ আয়োজনের ফলাফল শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম ঘোষণা করেছেন। আজীবনের জন্য তা স্মৃতি হয়ে থাকবে। আমার স্বপ্ন সিনেমায় গান করা। তবে নিজের মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগ থাকবে আমার। কারণ আমি আমার নিজের মৌলিক গান দিয়েই একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত হতে চাই গানের পৃথিবীতে। বাকিটা আসলে সময়ের ব্যাপার। তবে আমার আজকের অবস্থানের নেপথ্যে আমার পরিবারসহ আরো যাদের বিশেষ ভূমিকা ছিল তাদের প্রতি কৃতজ্ঞ।’