২০০০ সাল থেকে নাট্যদল প্রাচ্যনাটের সঙ্গে সম্পৃক্ত গুণী অভিনেত্রী শাহানা রহমান সুমি। দলের হয়ে বিভিন্ন সময় ‘কইন্যা’, ‘সার্কাস সার্কাস’, ‘অচলায়তন’ মঞ্চনাটক করে প্রশংসিত হয়েছেন। সে ধারাবাহিকতায় একই দলের ‘খোয়াবনামা’ নাটকে কুলসুম চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

খোয়াবনামা প্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনা। নাটকটিতে কুলসুমই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এ নাটকের নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব ও নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে এর ১৫তম মঞ্চায়ন।

শাহানা রহমান সুমি বলেন, ‘এর আগে এ নাটকে কুলসুম চরিত্রে অন্য একজন অভিনেত্রী অভিনয় করতেন। দু-তিনটি শোয়ে অভিনয় করার পর এ চরিত্রে আমি অভিনয় করা শুরু করি। এরই মধ্যে বেশ কয়েকটি শোয়ে অংশ নিয়েছি। দর্শকের কাছ থেকে সবসময়ই দারুণ সাড়া পেয়ে আসছি। সত্যি বলতে কি মঞ্চে এখন যারা নিয়মিত নির্দেশনা দিচ্ছেন, তাদের মধ্যে কাজী তৌফিকুল ইসলাম ইমন ভাই খুব ভালো করছেন। তার নির্দেশনায় মুগ্ধ আমি। আশা করছি আজ যারা নাটকটি উপভোগ করতে আসবেন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের খোয়াবনামা।’

এদিকে বাংলাদেশ টেলিভিশনে তার অভিনীত আশরাফী মিঠু পরিচালিত ‘এক্কা দোক্কা’ নাটকটি প্রচার হচ্ছে। এরই মধ্যে সুমি সুজন মাহমুদের পরিচালনায় একঝাঁক নতুন ছেলেমেয়ের সঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘আগন্তুক’। পরিচালনা করেছেন বিপ্লব সরকার।