আগামী ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বসছে দেশের সবচেয়ে বড় কনসার্ট ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-পাওয়ার্ড বাই গান বাংলা। ‘উল্লাসে উচ্ছ্বাসে তারুণ্যে’ বিজয়ের এ মাসে কনসার্টটিতে গান গাইবে দেশসেরা ১৬ ব্যান্ড। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। 

চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২-পাওয়ার্ড বাই গান বাংলার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদসহ দেশসেরা ব্যান্ডগুলোর প্রতিনিধি।

বাংলা ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চুর অবদান অসামান্য। সবসময় বাংলা সংগীতের অগ্রযাত্রা নিয়ে ভাবতেন তিনি। তার এ ভাবনার হাত ধরেই প্রায় নয় বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘ব্যান্ড মিউজিক ডে’। প্রতিবছর ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে দেশের ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত উৎসব।

আইয়ুব বাচ্চু স্মৃতি আর স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি বছরেই আরো বড় পরিসরে হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট। এবার এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বামবা। গত ২৬ অক্টোবর দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এতে জানানো হয়, প্রতি বছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই ও বামবার লোগোর মধ্যে একটা মিল রয়েছে! লাল সবুজের রঙের ব্যবহার। তাই আমি ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-পাওয়ার্ড বাই গান বাংলার লোগো তৈরি করতে পেরে খুবই আনন্দিত।

ইজাজ খান স্বপন বলেন, ‘‌‘‌‌এখন থেকে প্রতি বছর ১ ডিসেম্বরে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এ বছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে।’’

চলতি বছরের কনসার্টে অংশ নেয়া জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীন, আর্টসেল, সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, ভাইকিং, পেন্টাগন, ক্রিপটিক ফেইট ও পাওয়ারসার্জ। মৌসুমের সবচেয়ে বড় এ কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা। গেট সেট রকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে আয়োজন। গেট খোলা হবে দুপুর ১২টায়।