ঈদের আমেজ লেগেছে নাটক পাড়ায়। তারকা ও নির্মাতারা ঈদ নাটক নিয়েই মগ্ন আছেন শুটিং সেটে। এবারের ঈদে একসঙ্গে দেখা যাবে ফারহান জোভান ও সাবিলা নূরকে। একসঙ্গে জুটি বেঁধে বহু নাটকে অভিনয় করেছেন তারা। তবে দীর্ঘদিন একসঙ্গে স্ক্রিনে অনুপস্থিত ছিলেন। বিরতি ভেঙে দুই বছর পর আবার জুটি হয়ে অভিনয় করলেন জোভান ও সাবিলা নূর।

তাদের ঘিরে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামের ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এর রচনায় যৌথভাবে আছেন মাসরিকুল আলম ও জয়নাল আবেদীন। জোভান ও সাবিলার নাটকটি নিয়ে মাসরিকুল আলম বলেন, ‘‌দুই বছর পর জোভান-সাবিলা একসঙ্গে অভিনয় করলেন। সাবিলার সঙ্গে এটা আমার চতুর্থ কাজ হলেও জোভানের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। শিগগির নাটকটি প্রচারে আসবে।’

জোভান ও সাবিলার সঙ্গে নাটকটি নিয়ে জানতে চাইলে তারা জানান, দুই বছর পর তারা একসঙ্গে কাজ করছেন। দুজনই আশাবাদী, দর্শকের নাটকটি ভালো লাগবে। 

নাটকের গল্প নিয়ে নির্মাতা জানান, গল্পে দেখা যাবে, ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে একটি মজার পেজ আছে। যেটা মূলত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত। এতে এডমিনের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকে যার নাম থাকে আলিফ। সাবিলাকে দেখা যাবে প্রিয়া চরিত্রে। এতে আরো আছেন শাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ।