দুই বছরের মাতৃত্বের ছুটি কাটিয়ে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে কাজে ফেরেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। একটানা সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। যার কারণে তার অংশের শুটিং বন্ধ রাখতে হয়। বর্তমানে ভালো আছেন পরীমণি।
সুস্থ হয়ে গতকাল থেকে অংশ নিয়েছেন ডোডোর গল্প সিনেমার শুটিংয়ে। একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান, কাজে ফিরে এমনটাই জানালেন তিনি। পরীমণি বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুদিন পর নানা ভাই অসুস্থ হয়। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। তার মধ্যে গতকাল থেকে আবার “ডোডোর গল্প” সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার একটানা কাজটি শেষ করতে পারব।’ পরীকে সর্বশেষ দেখা গেছে ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’তে। মাতৃত্বকালের জন্য বড় পর্দার সিনেমায় ছিলেন না তিনি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।
ডোডোর গল্পের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমার গল্প নিয়ে রেজা ঘটক বলেন, ‘সিনেমায় একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় ২০ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে।’
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহপ্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।










