দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারন। অভিনয়, পরিচালনার পাশাপাশি প্রযোজনায়ও সক্রিয় ভূমিকা রাখছেন। দক্ষিণের পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেও। তবে মালয়ালম সিনেমায়ই বেশি কাজ করতে দেখা যায় তাকে। আর সেখানে মনপ্রাণ দিয়ে কাজ করেন তিনি। তেমনই এক সিনেমা ‘আদুজীবিতম’। দীর্ঘ ছয় বছরের নির্মাণকাজ শেষে ২৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সিনেমার প্রচারণা করছেন সুকুমার। সে রকমই এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অভিনেতা, পরিচালক বা প্রযোজক নয়। সিনেমাটি একজন মানুষ হিসেবে আমার জীবনে বেশি প্রভাব ফেলেছে।’ সিনেমার ট্রেলার দেখেই দর্শক এর প্রতি আগ্রহী হয়ে উঠছে। সম্প্রতি কেরালার কোচিতে সিনেমার প্রথম গান রিলিজের পর একটি অনুষ্ঠানের মাধ্যমে এর মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা পৃথ্বীরাজ। তিনি জানান, সিনেমা শুটিংয়ের ছয় বছরের মধ্যে একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে কভিড পরিস্থিতি ও পরবর্তী বিশ্বব্যাপী লকডাউনের কারণে।
এ নিয়ে পৃথ্বীরাজ বলেন, ‘এটি একটি মিশ্র অভিজ্ঞতা। গত এক দশকে যখনই আমি আমার অন্যান্য চলচ্চিত্রের প্রচারণার জন্য সংবাদ সম্মেলনে অংশ নিয়েছি, তখনই আমাকে আদুজীবিতমের কাজের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে।’
সিনেমাটি নিয়ে বহুদিন কাজ করতে হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ও ব্লেসি এ সিনেমা নিয়ে কাজ শুরু করার কথা ভেবেছি। তবে কাজ শুরুর পর বৈশ্বিক পরিস্থিতির জন্য দীর্ঘ ছয় বছর সময় লেগেছে। তবে বর্তমানে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত এবং আমি ভীষণ খুশি।’ "
সিনেমা নির্মাণের পুরো সময় নিয়ে অভিনেতা তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা যখন সিনেমার চিত্র গ্রহণ শুরু করি, তখন আমি একজন পরিচালক ছিলাম না এবং একজন অভিনেতা হিসেবেও আমি বেশ নতুনই ছিলাম বলা যেতে পারে। সেই সঙ্গে আমি তখনো একজন বাবা বা কারো স্বামী ছিলাম না।’
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস










