দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকার পর অবশেষে শেষ হলো আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত এ নাটকের যাত্রা শেষ হয় ৬৭৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে। দীর্ঘ কয়েক বছরের ভালোবাসার একটি কাজের সমাপ্তি ঘটল এ নাটকের মাধ্যমে।
নাটকটি শেষ হলেও একই পরিচালকের নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার এরই মধ্যে শুরু হয়েছে।
পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান আমার পরিচালিত অন্যতম দর্শকপ্রিয় নাটক। টানা কয়েক বছর যত্ন নিয়ে এর গল্প লিখেছি ও নির্মাণ করেছি। শিল্পীদের কাছ থেকে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি, তাতে আমি ধন্য। জানি না শিল্পীরা আমাকে কেন এত ভালোবাসেন, তবে এ ভালোবাসাই আমাকে আগামী দিনে আরো ভালো কাজ করার শক্তি জোগায়। শিল্পীদের সম্মান ও শ্রদ্ধা আমাকে অভিভূত করেছে। চিটার অ্যান্ড জেন্টলম্যানের সব শিল্পীর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
ডা. এজাজু ইসলাম বলেন, ‘সঞ্জিত দাদা অত্যন্ত ভদ্র ও বিনয়ী একজন মানুষ। এমন ভালো মনের মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। চিটার অ্যান্ড জেন্টলম্যান আমার খুব প্রিয় একটি নাটক। নাটকটি শেষ হলেও সবার জন্য আমার অনেক ভালোবাসা রইল।’
তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সঞ্জিত দাদার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই বলছি—চিটার অ্যান্ড জেন্টলম্যান শেষ হয়ে যাওয়ায় ভীষণ খারাপ লাগছে। যদিও কোনো না কোনো সময় এটি শেষ হতোই। তার পরও এ নাটকে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে দেখা হতো, কথা হতো যা ভীষণ ভালো লাগত। সঞ্জিত দাদার নতুন নাটক ম্যানেজ মাস্টারের জন্য শুভকামনা।’










