দীর্ঘ ১৪ বছর পর
ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল এই
ব্যান্ডটি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে আবারো ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন তারা।
শুক্রবার (২৩
আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর
মমতাজ লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’ সেই পোস্টে কনসার্টের
বিস্তারিত তথ্যসহ একটি লিংক শেয়ার করেন তিনি।
জানা গেছে, আগামী
২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের
কনসার্টে পারফর্ম করবে জাল ব্যান্ড। এই কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট
রক ও জিরকোনিয়াম।
কনসার্টের গেট
খোলা হবে বিকেল ৫টায় এবং অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। ইতিমধ্যে গেট সেট রকের
ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০
টাকা।
তবে জাল ব্যান্ড
ছাড়া অন্য পারফর্মারদের নাম এখনো ঘোষণা করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই
কনসার্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। জানা গেছে, জাল ব্যান্ডের সঙ্গে
বাংলাদেশের কয়েকটি ব্যান্ডও পারফর্ম করবে। এর আগে ২০১০ সালে জালের সঙ্গে পারফর্ম
করেছিল ব্যান্ড আর্টসেল, শূন্য ও বোহেমিয়ান।
উল্লেখ্য, ২০০২ সালে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও গহর মমতাজ মিলে জাল ব্যান্ড গঠন করেন। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম আদাত প্রকাশ করে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। সে সময় শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ব্যান্ডটি।










