এবার ঈদে দুই টেলিছবিতে গান গেয়েছেন সংগীতশিল্পী সোহেল রানা। মোট তিনটি গান রয়েছে তার। এর মধ্যে সুব্রত সঞ্জীবের পরিচালনায় ‘নিথর কোলাহল’ ঈদের চতুর্থ দিন দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচার হবে। এ টেলিছবিতে রয়েছে দুটো গান। পঞ্চম দিন রাত সাড়ে ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবি ‘ডিম’। সেখানে রয়েছে একটি গান। ইয়াশ রোহান, নাজিয় হক অর্ষা, শতাব্দী ওয়াদুদ অভিনয় করেছে নিথর কোলাহল ও ‘ডিম’ টেলিছবিতে অভিনয় করেছেন মীর সাব্বির ও মৌসুমী হামিদ।
পেশায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হলেও সোহেল রানা গান গাইছেন নিয়মিত। এছাড়া তিনি গান লেখার পাশাপাশি সুরও করেন। টেলিছবিতে থাকা তিনটি গানের মধ্যে দুটি গানের গীতিকার ও সুরকার নিজেই। সোহেল রানা বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল আমার। গানকে আমি ভালোবাসি। গান নিয়ে জীবনে অনেক সংগ্রামের গল্প রয়েছে আমার।’
অভিনেতা মীর সাব্বির বণিক বার্তাকে বলেন, ‘ডিম টেলিছবিতে একটিই গান আছে। গায়ক গানটি অসাধারণ গেয়েছেন। গানের গলা ও গায়কী খুবই সুন্দর। নতুন শিল্পী যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তাদের প্রমোট করা দরকার। যদি প্রমোট করা হয় তাহলে খুব দ্রুত মানুষের হৃদয়ে পৌঁছাতে পারবে।’ নিথর কোলাহল টেলিছবির নির্মাতার সুব্রত সঞ্জীব বলেন, ‘সোহেল রানার ভয়েস অসাধারণ। তার গায়কী ভিন্ন। সে বিভিন্ন ধারার গানেই স্বচ্ছন্দ।’










