মার্ভেলের ছবি থর: লাভ অ্যান্ড থান্ডার পেল নতুন সদস্য। সপ্তাহ খানেক ধরেই পশ্চিমা গণমাধ্যমগুলোতে চলছিল জল্পনা-কল্পনা। সম্প্রতি নিশ্চিত হয়েছে যে গ্ল্যাডিয়েটরখ্যাত তারকা রাসেল ক্রো যুক্ত হচ্ছেন থর: লাভ অ্যান্ড থান্ডার ছবিতে। থর চরিত্রে দেখা যাবে যথারীতি ক্রিস হেমসওয়ার্থকে। রাসেল ক্রোর চরিত্রটি সম্পর্কে এখনো তেমন কিছু খোলাসা করা হয়নি। ধারণা করা হচ্ছে নির্মাতারা তার চরিত্রটিকে দর্শকদের জন্য একটা চমক হিসেবে রাখবেন। থর: লাভ অ্যান্ড থান্ডার হবে সিরিজের চতুর্থ ছবি। ২০২২ সালের ৬ মে ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি রাগবি ম্যাচে রাসেল ক্রোকে দেখা যায় থর: লাভ অ্যান্ড থান্ডারের পুরো টিমের সঙ্গে। এ ছবির মাধ্যমেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অভিষেক হবে অস্কারজয়ী রাসেল ক্রোর।

আরো শোনা যাচ্ছে ম্যাট ড্যামনও যুক্ত হতে পারেন থর: লাভ অ্যান্ড থান্ডারে। ছবিতে জেন ফস্টারের চরিত্রে থাকবেন নাটালিয়া পোর্টম্যান আর খল চরিত্রে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে।

থর: লাভ অ্যান্ড থান্ডার পরিচালনা করবেন টাইকা ওয়াটিটি। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্য সব ছবির মতো এটির প্লটও একেবারে গোপন রাখা হয়েছে।

রাসেল ক্রো সম্প্রতি পিটার ফারেলির দ্য গ্রেটেস্ট বিয়ার রান এভার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাকে দেখা যাবে জাক এফ্রনের বিপরীতে। রাসেলকে সর্বশেষ দেখা গেছে থ্রিলার ছবি আনহিঞ্জডে।

 

সূত্র: ডেডলাইন