বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। সম্প্রতি দর্শক-শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় আগামী ঈদের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ নামক অনুষ্ঠানে প্রচার হবে তার গান। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সবক’টি গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু। মূলত তার অনেক কষ্টের পর এ আয়োজন দর্শকের কাছে পৌঁছতে যাচ্ছে আগামী ঈদের দিন। যে কারণে আজম বাবু নিজেও ভীষণ উচ্ছ্বসিত। নতুন চারটি গানের মধ্যে দুটি গান মোহাম্মদ রফিকউজ্জামানের। বাকি দুটি গান সঞ্জয় শীল (সুর পুণম মিত্র) ও রূপা দেবনাথের। তিনটি গানের সুর করেছেন সৈয়দ আব্দুল হাদী। নতুন এ চার গান প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমি তো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটা জোর করেই গাওয়াল। সত্যি বলতে কি, আমার প্রতি ভীষণ আন্তরিকতার কারণেই আমি তাদের না করতে পারিনি। ওরা আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, কেমন করেইবা না করি।’