কুমিল্লার সংগীতাঙ্গনের চেনা মুখ আলো সাহা আলপনা। সম্প্রতি তার নবম মৌলিক গান ‘মন তবু তোমাকে চায়’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। কণ্ঠ, সুর ও মিউজিক ভিডিও—সব মিলিয়ে গানটি এরই মধ্যে সংগীতপ্রেমীদের মন জয় করেছে।
গানটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার একটি অভিজাত হোটেলে। সেখানে কেক কাটা, গানের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজন করা হয়।
মন তবু তোমাকে চায় গানের গীতিকার এস দাস, সুর করেছেন এস দাস ও রাজেশ মজুমদার, আর কম্পোজ করেছেন ভারতের প্রতীক প্রধান। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারের সমুদ্রসৈকতের নীল জলরাশি ও হিমছড়ির পাহাড়ি এলাকায়। এটি রেকর্ড করা হয়েছে ভারতের অডিও স্টুডিও ‘দ্য সাউন্ড স্টুডিও ইন্ডিয়া’-তে।
গান প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্টজনেরা।
নিজের গান নিয়ে আলো সাহা আলপনা বলেন, ‘এটি আমার নবম মৌলিক গান। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গানটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত।’










