বেশকিছু সিনেমা দিয়ে এখন দর্শকের কাছে পরিচিত শিরীন শিলা। বেশকিছু নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে শুক্রবার নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।
সিনেমার নাম ‘শেষ বাজি’, পরিচালনা করবেন মেহেদী হাসান। এর আগে মেহেদীর পরিচালনায় ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমায় অভিনয় করেছিলেন শিরীন শিলা। এতে তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। ‘শেষ বাজি’র কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিলা। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে মেহেদী হাসান ভাইয়ের নদীর জলে শাপলা ভাসে সিনেমায় আমি অভিনয় করেছিলাম। মেহেদী ভাই বেশ যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করেন। শেষ বাজি সিনেমার গল্প ও আমার চরিত্র আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে, এ ধরনের একটি গল্পে কাজ করার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। যে কারণে সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছি। তাছাড়া মেহেদী হাসান ভাইয়ের কাজের প্রতি আমার একটা আস্থা তো রয়েছে। আমার বিশ্বাস, তিনি আরো বেশি যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন।’ ২০১৪ সালে রুপালি জগতে পা রাখেন তিনি। বর্তমানে শিরীন শিলা তার আসন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এ অভিনেত্রী চারটি সিনেমায় অভিনয় করছেন। এরই মধ্যে তিনটির বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে।










