নেটফ্লিক্সের জন্য শো নির্মাণ করছেন আরিয়ান খান। এটা হলো পুরনো খবর। নতুন খবর হলো শোর ফার্স্ট লুক এসেছে। ৯০ সেকেন্ডের এ ফার্স্ট লুকেই প্রায় বাজিমাত করে ফেলেছেন আরিয়ান খান। গতকাল সকালে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার লুক, কণ্ঠ ও নতুন শো নিয়ে কথা হচ্ছে।

ফার্স্ট লুক শুরু হয় ২০০০ সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার ‘মোহাব্বতে’ সিনেমার সংগীত দিয়ে। ‘এক লাড়কি থি’ আবৃত্তি করেন তিনি। কিন্তু এর মধ্যেই তিনি নেন ভিন্ন মোড়। বুঝিয়ে দেন, বলিউডের কিছুটা ‘লেগ পুল’ করবেন। সরাসরি সে কথা বলেছেনও। নিজের সংলাপে আরিয়ান বলেন, ‘অনেক অনেক ভালোবাসা আর খানিকটা সমালোচনাও থাকবে।’

আরিয়ানের এ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য ও সেহের বাম্বা। এছাড়া আছেন মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনা সুই ও গৌতমী কাপুর। ২০ আগস্ট আসছে শোটির প্রিভিউ।

‘দ্য ব্যাডঅ্যাস অব বলিউড’ কবে আসবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল এতে ববি দেওল, রণবীর কাপুরসহ বলিউডের বড় অনেক অভিনেতাকে দেখা যাবে। শাহরুখ খান সম্প্রতি তার একটি টুইটে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তার কয়েকজন বন্ধু এ শোয়ে ক্যামিও করবেন।

শোটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এর গল্প নিয়ে বলা হচ্ছে, বলিউডের বাইরে থেকে আসা এক উচ্চাভিলাষী তরুণ ও তার বন্ধুদের গল্প। তারা বলিউডে কেমন করে জায়গা করে নেন, সেটি দেখানো হবে। অনেকে মনে করেন, শাহরুখ খানের জীবনের ছায়া আছে এতে। তবে আসলেই কী আছে, তা জানতে শো মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।