ঘোষিত হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। স্বাভাবিকভাবেই ধারণা ছিল এ বছর প্রধান পুরস্কারগুলো থেকে কোনো একটা ঘরে তুলবেন টেইলর সুইফট। হয়েছেও তাই। গ্র্যামির এবারের আসরে সেরাদের তালিকায় ছিলেন মূলত তরুণরা। এছাড়া পশ্চিমের সংগীতের পাশাপাশি এবার পুরস্কৃত হয়েছেন পূবের শিল্পীরাও। সে তালিকায় আছেন জাকির হোসেন ও শঙ্কর মহাদেবন।
‘মিডনাইটস’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতেছেন টেইলর। এখানেই শেষ নয়। টেইলর দিয়েছেন আরেকটি বড় ঘোষণা। পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি জানান, নতুন অ্যালবামের কাজ করছেন এবং তা প্রকাশও করবেন দ্রুত। অ্যালবামের নাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’। এ অ্যালবাম তিনি প্রকাশ করবেন আগামী ১৯ এপ্রিল। গত বছরটা দুর্দান্ত কাটানোর পর এ ঘোষণা প্রত্যাশিত। এছাড়া ১৩তম গ্র্যামি হাতে তুলে এমন ঘোষণা দিয়ে ভক্তদের কাছে নিজেকে আরেকবার প্রমাণ করলেন টেইলর।
যেমনটা
শুরুতে বলা হয়েছে, এবারের পুরস্কারের তালিকায় আছেন তরুণরা। এদের মধ্যে দুজন হলেন বিলি আইলিশ ও মাইলি সাইরাস।
ফ্লাওয়ারসের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার
জিতেছেন মাইলি। এ বিভাগে আরো
মনোনীত হয়েছিলেন অলিভিয়া রদ্রিগো, টেইলর সুইফট, এসজিএ, জন বাতিস্তে প্রমুখ।
এছাড়া তিনি জিতেছেন বেস্ট পপ সলো পারফরম্যান্সের
পুরস্কার। অন্যদিকে বারবির ‘হোয়াট ওয়াড আই মেড ফর?’
গানের জন্য ‘সঙ অব দ্য
ইয়ার’ পুরস্কার
জিতেছেন বিলি আইলিশ। সঙ্গে আছেন তার ভাই ফিনিয়েস ও’কনেল। সেরা নতুন শিল্পীর পুরস্কার জিতেছেন ভিক্টোরিয়া ও’মনে।
গ্র্যামিতে এবার সম্মানিত হয়েছেন ভারতের ব্যান্ড ‘শক্তি’। ব্যান্ডের অন্যতম সদস্য শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন। শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’ জিতেছে বেস্ট গ্লোবাল অ্যালবামের পুরস্কার। লস অ্যাঞ্জেলেসে এ পুরস্কার গ্রহণ করেছেন শঙ্কর ও ব্যান্ডের আরেক সদস্য রাজাগোপাল। শক্তি মূলত একটি ফিউশন ব্যান্ড।
সেরা গ্লোবাল অ্যালবাম হওয়ার পাশাপাশি গ্র্যামির মঞ্চে পারফর্মও করেছেন শক্তির সদস্যরা। বেলা ফ্লেক, জাকির হুসেন, এডগার মেয়ার ও রাকেশ চৌরাসিয়া পারফর্ম করেন তাদের ‘পাশতো’ নামের গান নিয়ে।
এছাড়া গ্র্যামির মঞ্চে ছিল বেশকিছু সারপ্রাইজ। যেমন বহুদিন পর লোকসমক্ষে এসেছেন গায়িকা সেলিন ডিওন। স্টিফ-পারসন সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি অনেকদিনই আড়ালে ছিলেন। বিলি জোল উপস্থিত হয়েছিলেন ‘টার্ন দ্য লাইট ব্যাক অন’ নিয়ে। প্রবীণ শিল্পী জনি মিচেল প্রথমবারের মতো গ্র্যামির মঞ্চে পারফর্ম করলেন। ৮০ বছর বয়সী এ কানাডীয়-আমেরিকান শিল্পী ‘বোথ সাইড নাউ’ গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের।
এছাড়া পারফর্ম করেছেন এসজিএ, দুয়া লিপা, বার্না বয় প্রমুখ। গ্র্যামির মঞ্চ এবার সেজেছিল নতুন করে আর প্রতিটি পারফরম্যান্সই যেন একটি মাইলফলক। ৬৬তম গ্র্যামি তার ছাপ রেখে গেছে।
সূত্র: ভ্যারাইটি










