গতকাল ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে মহানগর ২। ঈদ উপলক্ষে মুক্তি পেল জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় সিজন। প্রথম সিজনে ওসি হারুনের অভিনয় ও গল্পের কারণে সিরিজটি দারুণ জনপ্রিয়তা পায়। এর বাইরে গল্পের মধ্যেই চমক রেখেছিলেন আশফাক নিপুণ। দ্বিতীয় সিজনে মহানগরের গল্প ভিন্ন খাতে বয়েছে, কিন্তু এখানেও চমক কম রাখেননি নির্মাতা। সমাজ, রাজনীতি ও বাস্তবতার অনেক কিছুই তিনি তুলে এনেছেন এর গল্পে। এর সঙ্গে ছিল একটি বড় চমক। মহানগরের দ্বিতীয় সিজনে আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ক্যামিও।
এবারের সিজনে আশফাক নিপুণ ভিন্ন একটি গল্প বলেছেন। তিনি সাধারণত সমাজের নানা বিষয় দেখান তার গল্পে। এবারও তার ব্যত্যয় ছিল না। এ মহানগরে এমন অনেক কিছু
হয়, যার পুরোটা আমরা দেখি না বা জানতে পারি না। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনীতির এমন নানা গল্প চারপাশে থাকে। এরই কিছুটা তিনি তুলে এনেছেন। দ্বিতীয় সিজনে কয়েকটি চমক থাকছে, তা সবারই জানা ছিল। যেমন এবার যুক্ত হয়েছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস প্রমুখ। গল্পে তেমনি আছে বেশকিছু নতুন মোড়। তবে নিঃসন্দেহে এবারের সিজনে সবচেয়ে বড় চমক অনির্বাণ ভট্টাচার্য।
সিরিজের একটি অংশে অনির্বাণকে দেখা যায়। তার অধীনস্থ ফোন করে একটি অবস্থার আপডেট জানায় তাকে। অনির্বাণের প্রায় কোনো সংলাপ ছিলই না। তবে বোঝা যায়, রজব আলী একজন বড় ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা। সাদা পাঞ্জাবি-পাজামা, হাতে একাধিক আংটি ও গোঁফে অনির্বাণ দুর্দান্ত। ২ মিনিটের মতো তার এ ক্যামিও দর্শকদের ভেতর এরই মধ্যে শোরগোল তৈরি করেছে।
মূলত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিরিজটি দারুণ জনপ্রিয়। আগে থেকেই গুজব শোনা যাচ্ছিল, এ সিরিজে কলকাতার কোনো অভিনেতাকে দেখা যাবে। শোনা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী প্রমুখের নাম। কিন্তু তাদের ছাপিয়ে আশফাক নিপুণ নিয়ে এলেন বর্তমান সময়ের জনপ্রিয়তম অভিনেতাকে। কেবল জনপ্রিয় নন, অনির্বাণের অভিনয় দক্ষতাও প্রশ্নাতীত। তার ক্যামিও ও গল্প যে পর্যায়ে রেখেছেন নিপুণ, তাতে বোঝাই যাচ্ছে সিজন তিন নিয়ে তার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে সিজন তিন হলে ওসি হারুণ অর্থাৎ মোশাররফ করিমের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকে এক স্ক্রিনে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকছে।










