চার মাসের ব্যবধানে আবারো প্রেক্ষাগৃহে হাজির জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। সে সিনেমার পর গতকাল মুক্তি পেয়েছে তার আরো একটি সিনেমা ‘জয়া আর শারমিন’। করোনাকালীন নির্মিত এ সিনেমা প্রায় পাঁচ বছর পর আলোর মুখ দেখল।
সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, মহাখালীর এসকেএস হল, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও কেরানীগঞ্জের লায়নস সিনেমা হলে। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে দর্শকের সঙ্গে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় হাজির হয়েছিলেন জয়া আহসান ও তার টিম।
সিনেমা দেখা শেষে এক ফেসবুক পোস্টে জয়া লেখেন, ‘আজ সকাল থেকে জয়া আর শারমিনকে দর্শক যে এত মিষ্টি করে গ্রহণ করছেন, ব্যাপারটা শিল্পী হিসেবে, জয়া আর শারমিনের একজন প্রযোজক হিসেবে আমার জন্য খুব খুব খুব আনন্দের। এমন ছোট গল্পগুলোই যে সবাইকে টানছে, আমরা সবাই যা বলতে চেয়েছি তা শুনতে চাচ্ছে, সেটাই বড় প্রাপ্তি।’ সিনেমার গল্পে দেখা যাবে একজন অভিনেত্রী, আরেকজন গৃহকর্মী। করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এ সিনেমার অনেকটা জুড়েই আছে তাদের রান্নার গল্প।
এর আগে জয়া জানিয়েছিলেন, যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন।
জয়া আহসান আরো বলেন, ‘তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। সে সময় শুটিং করা কতটা কঠিন ছিল?’
পিপলু আর খান পরিচালিত জয়া আর শারমিন সিনেমায় জয়া ছাড়া আরো অভিনয় করেছেন মহসিনা আক্তার, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসানের সি তে সিনেমা।










