বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যম এবিপিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে কারিনা জানিয়েছেন, কীভাবে দৃঢ়চেতা নারী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন এবং এটি ইন্ডাস্ট্রির অন্য নারীদের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনে সহায়তা করছে। তিনি মনে করেন, আগের তুলনায় ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য এখন বেশ অনুকূলে রয়েছে।

কারিনা বলেন, ‘আমি মনে করি, ফিল্ম ইন্ডাস্ট্রি পরিবর্তন হয়েছে। কারণ এখন ভারতীয় সিনেমায় অনেক দৃঢ়চেতা অভিনেত্রী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন। তাদের এসব সিনেমা দর্শক অনেক বেশি পছন্দ করছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোয় কঙ্গনা রানাওয়াত, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন বা আমি যে-ই অভিনয় করি না কেন, সবসময় চেষ্টা করেছি সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে। আমরা সবাই সিনেমার অনেক দিক পরিবর্তনে কাজ করেছি। সেটি কখনো একটি নির্দিষ্ট চরিত্র, সিনেমার পারিশ্রমিক বা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও হতে পারে।’

সম্প্রতি কারিনা কাপুর ভীষণ সমালোচনার সম্মুখীন হয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। রামায়ণ সিনেমার সীতা চরিত্রে অভিনয়ের জন্য তার পারিশ্রমিক বাড়িয়ে ১২ কোটি রুপি করেছেন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি কী চাই, সে বিষয় পরিষ্কার করে দিয়েছি এবং আমি মনে করি, বিষয়টিকে সম্মান করা উচিত। এটি দাবি নয়, এটি নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটি বিষয়। আমি মনে করি, এ wবষয়গুলোর এখন কিছুটা পরিবর্তন হচ্ছে।’ 

বর্তমানে কারিনার বয়স ৪৩ বছর। অভিনেত্রী কখনই তার বয়স নিয়ে খোলামেলা কথা বলতে পিছপা হননি। তিনি নিজেকে নিয়ে সর্বদাই সাবলীল। বয়সের বিষয়ে কারিনা বিশ্বাস করেন, এটি একটি সংখ্যা মাত্র। তিনি দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বয়সের তুলনায় তার কাজকে গুরুত্ব দেয়ার জন্য। এ নিয়ে তিনি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা। সমস্যাটি হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই তরুণ থাকতে চায়। আমি আর কখনো ২১ বছর বয়সী হতে চাই না। আমি এখন খুব খুশি। যখন ২১ ছিলাম, আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম। সে সময়ে ফিরে যেতে চাই না। এখন আমি আমার চল্লিশের কোটায় অনেক ভালো আছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস