প্রথম সিনেমায় অভিনয় করে আলোচনায় আছেন মন্দিরা চক্রবর্তী। দেশের বাইরে থেকে পরপর দুটি পুরস্কার তার হাতে উঠেছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। অভিষেক সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের ভালোবাসা। হয়েছেন প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে কাজলরেখা মুক্তি পেয়েছে বিদেশেও। কিছুদিন আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে এবার অপেক্ষা নতুন সিনেমা নীলচক্রর।
কাজলরেখা নিয়ে মন্দিরা বলেন, ‘আমি এবার আসার পর অনেকের মুখে এ সিনেমার প্রশংসা শুনেছি, যারা এদেশে সিনেমাটি দেখেছেন। প্রশংসা শুনে মনটা ভরে গেছে। সত্যি বলতে কি, এ সিনেমার জন্য কিন্তু আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি, অপেক্ষায় থেকেছি। যার ফলও পেলাম।’
এদিকে নীলচক্র নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত মুক্তি পাচ্ছে না।
নীলচক্র প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমার গল্পই দর্শককে হলের মধ্যে বসিয়ে রাখবে, গল্পটাই অনেক সুন্দর। যেখানে একজন নৃত্যশিল্পী হিসেবে আমাকে দেখানো হবে। যে খুবই সুন্দর, গল্পে তাকে এলিগেন্ট টাইপের দেখানো হয়েছে। যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, সে জায়গায় কাজটি করতে কিছুটা হলেও সহজ হয়েছে।’
সিনেমাটি নিয়ে মন্দিরার ধারণা ইতিবাচক। কেননা এটি এ সময়ের গল্প। তিনি বলেন, ‘এটা এ সময়ের গল্প, সঙ্গে সোশ্যাল মিডিয়া রিলেটেড। তাই আমার কাছে মনে হয় সবার কাছে ভালো লাগবে। সত্যি কথা বলতে, নীলচক্র মুক্তির অপেক্ষায় আছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দ্রুত যেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়।’










