কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’। এটি ১৫ আগস্ট একই সঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নতুন তথ্য হচ্ছে, এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে বাংলাদেশ একটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি পার করছে।
সরকার ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই বাংলার বিনোদন দুনিয়া কতটা প্রভাবিত হতে চলেছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি দুই বাংলায় সিনেমা মুক্তি নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা।
এদিকে মুক্তির শঙ্কায় রয়েছে দেশের একাধিক সিনেমা। পদাতিকের মুক্তি নিয়ে এর প্রযোজক ফিরদৌস হাসান ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে সিনেমাটির মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এ মুহূর্তে সিনেমা দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে এটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।’
এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। যে কারণে বাংলাদেশে এর মুক্তি নিয়ে এত কথা বা আলোচনা, পশ্চিমবঙ্গের পাশাপাশি এ দেশেও তাই দর্শকের আগ্রহ। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ।










