এবার স্বস্তির নিশ্বাস ফেলতে পারে হলিউড। প্রধান স্টুডিওগুলোর সঙ্গে একটি চুক্তিতে এসেছে রাইটার্স গিল্ড আমেরিকা। এ চুক্তির মাধ্যমেই শেষ হচ্ছে ১৪৬ দিন ধরে চলা ধর্মঘট। রাইটার্স গিল্ড ও অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি) পাঁচ দিনব্যাপী আলোচনার পর এ সিদ্ধান্তে এসেছে। এর আগেও কয়েক দফা বৈঠক হলেও সর্বশেষ রোববার দুই সংগঠন একত্র হয়ে সিদ্ধান্তে আসে।

ধর্মঘটের সমাপন ও অন্যান্য বিষয় নিয়ে রাইটার্স গিল্ড একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি, এবার ভিন্ন কিছু হয়েছে। অর্থবহ কিছু চুক্তি হয়েছে এবং আমরা লেখক, চিত্রনাট্যকারদের জন্য সম্মানজনক একটি ব্যবস্থা করতে পেরেছি। দুপক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুসারে ধর্মঘটের মূল কার্যক্রম আরো কিছুদিন চালু থাকবে, যাতে চুক্তি বাস্তবায়ন করা যায়। তবে পিকেটিং বন্ধ করা হয়েছে রোববার রাত থেকেই। আজ গিল্ডের সদস্যরা ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট শেষ করার সিদ্ধান্ত নেবেন। গিল্ডের তরফ থেকে বলা হয়, ‘‌স্পষ্ট করে জানানো হচ্ছে, এখনই কেউ কাজে ফিরছেন না। গিল্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মঘটের মধ্যেই আছি।’

আসলে গিল্ড ও স্টুডিওর মধ্যে এখনো কিছু বিষয় নিয়ে মতবিরোধ আছে। সেসব নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। সবকটি বিষয় নিয়ে সমাধানে না আসা পর্যন্ত ধর্মঘট তোলা হবে না। এ কারণেই চুক্তি নিয়ে এখনো স্পষ্ট করে জানায়নি গিল্ড কিংবা স্টুডিও। আজ তারা চূড়ান্ত চুক্তি নিয়ে ফের আলোচনা করবেন এবং ধর্মঘট সম্পর্কিত কমিটি এ চুক্তি বিষয়ে তাদের ভোট দেবেন। তার পরই ঠিক করা হবে কীভাবে ও কবে নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট বন্ধ ঘোষণা করবেন।

রাইটার্স গিল্ড তাদের ১১ হাজার সদস্য নিয়ে এ মে মাস থেকে ধর্মঘট চালিয়ে গেছেন। হলিউডের প্রথম সারির তারকারাও ছিলেন তাদের সমর্থনে।

সূত্র: বিবিসি