সৃজিত মুখার্জির নতুন সিনেমা দশম অবতার। দুর্গা পূজায় মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমার ক্যারেক্টার লুক ও মোশন পোস্টার প্রকাশ হয় কিছুদিন আগে। গতকাল এল সিনেমার ট্রেলার। বাইশে শ্রাবণের প্রিকুয়াল হতে যাচ্ছে এ সিনেমা তা সবারই জানা। তাছাড়া সৃজিতের সিনেমায় অনেকদিন পর প্রসেনজিৎ চ্যাটার্জি ও যীশু সেনগুপ্ত ফিরছেন। এসবের পাশাপাশি জয়া আহসান এ সিনেমায় একটি প্রধান চরিত্রে থাকার কারণে বাংলাদেশের দর্শকেরও আগ্রহ আছে সিনেমাটি নিয়ে। গতকাল প্রকাশিত সিনেমার ট্রেলার দেখে মনে হলো এর মাধ্যমে সৃজিত ট্রিবিউট দিয়েছেন তার প্রথম ব্লকবাস্টার বাইশে শ্রাবণকে।
দশম অবতারের ট্রেলার শুরু হয়েছে প্রবীরকে দিয়ে। ২০১১ মালে মুক্তি পাওয়া বাইশে শ্রাবণের সংলাপ পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, ‘প্রবীব বাবু নয়, স্যার। আমি মুদির দোকান চালাই না।’ এরপর সিনেমার ট্রেলার এগিয়ে যায় আর সোয়া তিন মিনিটের ট্রেলারে ছিল বাইশে শ্রাবণের অনেক কিছুই। যেমন মদ্যপানের সময় পোদ্দারকে প্রবীর জিজ্ঞেস করে, ‘বোর্ন ভিটা?’ এ কথা আমরা বাইশে শ্রাবণে পাকড়াশির উদ্দেশে বলতে শুনেছি।
এর মধ্যে সিনেমায় যুক্ত হয়েছেন পোদ্দার, অনির্বাণ ভট্টাচার্য। বাইশে শ্রাবণের পাশাপাশি এ সিনেমার মাধ্যমে ভিঞ্চিদার সঙ্গে ক্রসওভার করা হচ্ছে। সিনেমাটিতে পোদ্দারের চরিত্রটি ভিঞ্চিদার সময়কালের আগের গল্প বলেই মনে হচ্ছে।
এবারের সিনেমাটিও সিরিয়াল কিলিং নিয়ে। খল চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। বাইশে শ্রাবণে তিনি ছিলেন না। তবে এ সিনেমার ট্রেলারে দেখা গেল বাইশে শ্রাবণের মতোই কবিতা রাখছেন সৃজিত। যীশুকে কয়েকটি কবিতা পড়তে শোনা গেছে।
জয়া আহসান এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। ট্রেলারে তিনি বলেন, ‘সিরিয়াল কিলারকে আমি চিনি।’ হতে পারে জয়া পুলিশকে সাহায্য করবেন, হতে পারে তিনি দশম অবতারের সঙ্গী। সেসব অবশ্য এখনই বোঝা যাচ্ছে না। সৃজিত ট্রেলারে গল্পকে রেখেছেন রহস্যে মুড়ে।
এ সিনেমাকে সৃজিত রিইউনিয়ন বলে উল্লেখ করেছেন। সে রিইউনিয়ন কতটা সফল হবে তা জানার জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হবে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।










