আপনাআপনি কেটে কুচি কুচি হওয়া বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ব্যাংকসির আঁকা সেই চিত্রকর্মটি আবারো চড়া দামে বিক্রি হয়েছে। এবার এ চিত্রকর্ম বিক্রি হয়েছে ২ কোটি ৫০ লাখ ডলারে। ছবিটির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে হার্ট আকৃতির একটি উড়ন্ত বেলুনের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।
২০১৮ সালে ‘গার্ল উইথ বেলুন’
চিত্রকর্মটি লন্ডনের নিলাম প্রতিষ্ঠান সদবিতে নেয়া হয়। ছবিটি ১৪ লাখ ডলারে বিক্রি হয়। এর পরেই নিলামঘরে উপস্থিত সবার সামনে ফ্রেমের ভেতর থেকে কুচি কুচি হয়ে বেরিয়ে আসতে শুরু করে ছবিটি। ছেঁড়া অবস্থায় অর্ধেকটা ছবি ফ্রেমের বাইরে ঝুলতে থাকে। এতে হতবাক হয়ে যায় উপস্থিত সব দর্শক।
তবে গত বৃহস্পতিবার পুনরায় তা সদবিতে বিক্রির জন্য নেয়া হয়। নয়জন দরদাতার মধ্যে চিত্রকর্মটি কেনার জন্য প্রায় ১০ মিনিট তুমুল প্রতিযোগিতা হয়। শেষে এর দাম ওঠে ২ কোটি ৫০ লাখ ডলারে।
বিখ্যাত ব্রিটিশ গ্রাফিতি চিত্রশিল্পী ব্যাংকসি। তবে তিনি তার পরিচয় গোপন রাখেন। ব্যাংকসি তার ছদ্মনাম। এ শিল্পী সাধারণত জনসমাগমে ঘটে এমন জায়গায় গ্রাফিতি আঁকেন। এসব ছবির বেশ জনপ্রিয় ও ব্যাপক চাহিদা রয়েছে। নব্বইয়ের দশকের শুরুর দিকে নিজ শহর ব্রিস্টলে প্রথমে ট্রেন ও দেয়ালে স্প্রে-পেইন্টিং শুরু করেন ব্যাংকসি। এর পরের দশকে তার শিল্পকর্ম ব্রিস্টলের বাইরে ছড়িয়ে পড়ে। ফলে দ্রুতই ব্যাংকসির খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
সূত্র: বিবিসি










