পাঠানের সাফল্যের পর স্পাই ইউনিভার্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে যশরাজ ফিল্মস। পাঠানের সঙ্গে টাইগার, ওয়ারের আলাদা বড় স্টোরিলাইন দিয়ে বেশ বড় হওয়ার কথা এ ইউনিভার্স। এবার জানা গেল যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট। তাকে প্রধান করে একটি সিনেমা নির্মাণ হবে এবং সেটিকে ধরেই এগোবে যশরাজের নারী স্পাইদের। সিনেমায় আলিয়া অভিনয় করবেন একজন সুপার এজেন্ট হিসেবে। গতকাল একটি প্রতিবেদনে ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে। 

এ সময়ে আলিয়া ভাট বলিউডের অভিনেত্রীদের শীর্ষে আছেন। তার একাধিক সিনেমা ব্যবসাসফল ও সমালোচক প্রশংসিত। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি থেকে শুরু করে আরআরআরও ভালো করেছে। এছাড়া বার্লিনেলে স্ক্রিনিং হয়েছে গাঙ্গুবাইয়ের। সিনেমাটি সাম্প্রতিক বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি। এছাড়া সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করেছেন। আলিয়া ভাট এ সিনেমার জন্য পেয়েছেন অনেকগুলো পুরস্কার। এছাড়া নেটফ্লিক্সে ‘‌ডারলিংস’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত তিনি। ঝুলিতে আছে ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা। সে হিসেবে আলিয়া এ সময় সিনেমা ব্যবসাসফল করার একটি হাতিয়ার। যশরাজ সে চিন্তা থেকেই আলিয়াকে সিনেমায় নিয়েছে।

ভ্যারাইটি এ তথ্য পেয়েছে বলিউডের একজন ইন্ডাস্ট্রি ইনসাইডারের কাছ থেকে। তার বরাত দিয়ে ভ্যারাইটি লিখেছে, ‘‌আলিয়া ভাট এ সময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। যশরাজ ফিল্মসের সিনেমায় তিনি একজন সুপার এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। যেমন আমরা দেখেছি শাহরুখ খান, হৃতিক রোশন ও সালমান খানকে। সিনেমাটি অ্যাকশন-প্যাকড হবে। দর্শক সিনেমা দেখতে দেখতে ভুলে যাবেন সময়ের হিসাব। ধারণা করা যায়, এর মধ্য দিয়ে আলিয়াকে নতুন করে চিনবে দর্শক।’

তাকে এখন পর্যন্ত নানা ধরনের চরিত্রে দেখা গেছে। স্টুডেন্ট অব দ্য ইয়ারে তার কিশোরীসুলভ অভিনয় থেকে শুরু করে গাঙ্গুবাইয়ে তার পরিণত অভিনয় দিয়ে তিনি নিজের গুণ প্রমাণ করেছেন। এবার তাকে দেখা যাবে অ্যাকশন অবতারে। ভ্যারাইটির মতে, ‘‌আলিয়া ভাটকে সম্পূর্ণ নতুনরূপে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে যশরাজ ফিল্মস নতুন যাত্রা করবে আরেকটি ধারার। এর মধ্য থেকে আরো বোঝা যাচ্ছে আদিত্য চোপড়া সব ধারার দর্শকদের যুক্ত করতে চাচ্ছেন যশরাজ ফিল্মসের সঙ্গে। তিনি নতুন একটি নারী স্পাই টিমও তৈরি করে ফেলতে পারেন।’

আলিয়া ভাট গত কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। স্পাই হিসেবে তিনি ভালোই করবেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন গাল গাদতের সঙ্গে। হলিউডের সিনেমা হার্ট অব স্টোনে তাকে দেখা যাবে একটি চরিত্রে। এ সিনেমাটি স্পাই থ্রিলার ঘরানার। সেখান থেকে ধারণা করা যায়, আলিয়া স্পাই থ্রিলার নিয়ে বেশ শিখে পড়েই অভিনয় করবেন।

আলিয়া ভাট বর্তমানে বেশকিছু কাজে ব্যস্ত। প্রথমত, চলছে রকি অউর রানি কি প্রেম কাহানির পোস্ট প্রডাকশন। এর প্রচারণা শুরু করবেন আলিয়া। তার হাতে আরো আছে সঞ্জয় লীলা বানসালির বিগ বাজেট বৈজু বাওরা ও নিতেশ তিওয়ারির একটি সিনেমা।

সূত্র: ভ্যারাইটি